মঠবাড়িয়ায় ১৩০০ পিস ইয়াবাসহ মা-মেয়ে ও ছেলে আটক
পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ১৩০০ পিস ইয়াবাসহ মা নুরজাহান বেগম (৫৮), মেয়ে আসমা আক্তার (২১) ও ছেলে হাসান মিয়া (১৮)কে আটক করেছে। সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের দক্ষিণ বন্দর স্লুইজ গেট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃত নূরজাহান বেগম পৌরসভার ৩নং ওয়ার্ড দক্ষিণ মিঠাখালী এলাকার রত্তন হাওলাদারের স্ত্রী ও আসমা মেয়ে ও হাসান মিয়া ছেলে।
মঠবাড়িয়া থানার এসআই শাহানাজ পারভীন জানান, পৌর শহরের দক্ষিণ বন্দার স্লুইজগেট এলাকার রত্তন হাওলাদারের স্ত্রী নুরজাহান ও মেয়ে দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার বিকেলে অভিযান চালিয়ে মা-মেয়ে ও ছেলেকে ১ হাজার ৩শ’ পিস ইয়াবাসহ আটক করা হয়। তিনি আরও জানান, নুরজাহানের আরেক ছেলে কালাম এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী এবং সে কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবাসহ মাদক এনে মঠবাড়িয়া উপজেলার বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে।
মঠবাড়িয়া থানার ওসি মো. মাসুদুজ্জামান জানান, এ ঘটনায় এসআই শাহানাজ পারভীন বাদী হয়ে মঠবাড়িয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। আটককৃতদের ওই মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হবে।
