বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত ॥ আহত-২
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় কামরান হোসেন (২৩) নামে মোটর সাইকেল আরোহী এক তরুণ নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুই শ্রমিক। শনিবার গভীর রাতে বাগেরহাট শহর রক্ষা বাঁধের প্রধান বাজার এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত কামরান হোসেন সদর উপজেলার গোটাপাড়া গ্রামের এশারাত হোসেনের ছেলে। তিনি বাগেরহাট শহরের সাধনার মোড়ে ক্রেজী জিম নামে একটি শারীরিক ব্যামায়াগার পরিচালনা করতেন।
বাগেরহাট সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ আসাদুজ্জামান জানান, শনিবার রাত ১১টা ২০ মিনিটের দিকে কামরান নামে এক মোটর সাইকেল আরোহী অসাবধনতাবশত: বাগেরহাট শহররক্ষা বাঁধের প্রধান বাজার এলাকায় দাঁড়িয়ে থাকা আলু বোঝাই একটি ট্রাকে এসে ধাক্কা দিলে পড়ে যান। এসময় কামরান এবং ওই ট্রাকের আলু পরিবহনের কাজে নিয়োজিত দুই শ্রমিকও গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসাপতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোটর সাইকেল আরোহী কামরানকে মৃত ঘোষণা করেন। অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
