বাগেরহাটে আন্ত:জেলা চোর সিন্ডিকেটের ৯ সদস্য আটক ॥ চোরাই মালামাল উদ্ধার
বিভিন্ন চোরাই মালামালসহ বাগেরহাটে আন্ত:জেলা চোর সিন্ডিকেটের ৯ সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে অভিযান চালিয়ে বাগেরহাট জেলা ও জেলার পার্শ¦বর্তী বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে বাগেরহাট মডলে থানা পুলিশ। এসময় আটকদের কাছ থেকে ১৭টি চোরাই মোবাইল, একটি ইজিবাইক, একটি ভ্যান ও একটি বাইসাইকেল উদ্ধার করা হয়।
আটকৃতরা হলেন, জেলার কচুয়া উপজেলার উত্তর মাধবকাঠি গ্রামের আ. মান্নান মাঝির ছেলে সাহিদুল মাঝি (২৯), দক্ষিন মাধবকাঠি গ্রামের হান্নান শেখের নাইম হোসেন (২৪), বয়াসিংগা গ্রামের মাহতাব শেখের ছেলে বাদল শেখ (২৪), বাগেরহাট সদর উপজেলার দেপাড়া গ্রামের রাকিবুল ইসলাম বাবু (১৯), আতাইকাঠি গ্রামের মৃত সোহরাব মোল্লার ছেলে তুফান মোল্লা (২২), গোবরদিয়া এলাকার মালেক দাইয়ের ছেলে মনিরুল ইসলাম মানিক (২৮), চিতলমারী উপজেলার ব্রাহ্মনগাতী গ্রামের আমজাদ শেখের ছেলে জুয়েল সেখ (২৩), কলিগাতী গ্রামের আসলাম শেখের ছেলে সুমন শেখ হাতে চোরা (২০) এবং শরণখোলা উপজেলার ধানসাগর গ্রামের লিটন হাওলাদারের ছেলে মাসুদ রানা ফোরকান (২৩)।
শনিবার দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়।
প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, দীর্ঘদিন ধরে বাগেরহাট জেলায় একটি চোর সিন্ডিকেট সক্রিয় ছিল। এরা জেলার বিভিন্ন এলাকা ও পার্শ্ববর্তী জেলাতেও চুরি করতো। বাগেরহাট সদর থানার ওসি তদন্ত মোঃ পান্নু মিয়ার নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে এই সিন্ডিকেটের ৯ সদস্যকে আটক করেছে। জিজ্ঞাসাবাদে বিভিন্ন জায়গায় চুরির কথা স্বীকার করেছেন আটকরা। এদের মধ্যে শুধু তুফান মোল্লা ৯৫টি চোরাই মোবাইল ফোন বিক্রি করেছে। এই সিন্ডিকেট সব মিলিয়ে দেড় হাজারের বেশি মোবাইল ফোন বিভিন্ন এলাকা থেকে চুরি করেছে বলে তথ্য পাওয়া গেছে।
পুলিশ সুপার আরও জানান, এই সিন্ডিকেটের প্রায় ২০জন সদস্য রয়েছে। তাদের মধ্যে তিনজন জেল হাজতে আছে। আইনী প্রক্রিয়া শেষে এই ৯ জনকেও আদালতে সোপর্দ করা হবে। বাকিদের আটকের চেষ্টা চলছে।
