নাজিরপুরে রাতেও জাতীয় পতাকা উড়ছে বিদ্যালয়ে !
জাতীয় পতাকা বিধিমালা-১৯৭২ (সংশোধিত ২০১০) অনুযায়ী, বিশেষ কিছু পরিস্থিতি ছাড়া শুধু সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা ওড়ানো যাবে। কিন্তু পিরোজপুরের নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন রাত ৯টার পরেও জাতীয় পতাকা উত্তোলন অবস্থায় দেখা গেছে।
সোমবার রাত ৯ টায় দিকে সরেজমিনে ওই বিদ্যালয়ে গিয়ে বিজ্ঞান ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন অবস্থায় দেখা যায়। স্থানীয় অনেকেই বিষয়টি দেখে ক্ষোভ প্রকাশ করেছেন।
এ সময় সেখানে উপস্থিত নাজিরপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুদ্দিন বাদশা বলেন, আমি নিজেও রাতে ওই বিদ্যালয়ের বিজ্ঞান ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন অবস্থায় দেখেছি। বিষয়টি খুবই দুঃখজনক। এটা শুধু দায়িত্ব অবহেলা নয়, জাতীয় পতাকাকে অপমাননা করা হয়েছে।
ঘটনার বিষয়ে জানতে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিৎ কুমার ঘরামীর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।
বিষয়টি স্বীকার করে ওই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আকতারুজ্জামান গাউস মুঠোফোনে বলেন, কিছু সময় আগে আমি বিষয়টি শুনেছি। প্রধান শিক্ষককে ফোন করেছি। এ ঘটনায় তাকে আমি শোকজ করবো। প্রয়োজনে তার বিল বন্ধ করে দেয়া হবে।
মুঠোফোনে কথা হলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহিদুল ইসলাম বলেন, ঘটনাটি আমি এখনো শুনিনি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
