কাউখালীতে বিজয় দিবস উদযাপিত
পিরোজপুরের কাউখালীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার প্রত্যুষে ৩১বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের সূচনা করা হয়।
প্রথম প্রহরে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। এসময় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, জাতীয় পার্টি (জেপি), পুলিশ, প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তর, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়।
সকাল সাড়ে ৮টায় কাউখালী সরকারী বালক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুঁচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বাধীনতা যুদ্ধভিত্তিক মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করে।
দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা, চিত্রাংকন প্রতিযোগিতা, মসজিদ-মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় উপসনালয়ে বিশেষ দোয়া, হাসপাতাল, এতিমখানা ও শিশুসদনে উন্নতমানের খাবার পরিবেশন, প্রীতি ফুটবল প্রতিযোগিতা, মহিলাদের ক্রীড়া অনুষ্ঠান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
