শরণখোলায় নৌকার মঞ্চে বিজয় দিবস
বাগেরহাটের শরণখোলায় ব্যতিক্রমী নৌকা মঞ্চে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় শ্লোগান ‘জয় বাংলা’ ঘোষণার মাধ্যমে মহান বিজয় দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সোমবার সকাল সাড়ে ৭টায় প্রথমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। পরে শহীদ মিনার ও শহীদ মুক্তিযোদ্ধাদের মাজারে শ্রদ্ধা জানায় উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ।
এরপর মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগসহ বিভিন্ন রাজনৈতিক দল, শরণখোলা প্রেসক্লাব, শরণখোলা সরকারি কলেজ, রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
সকাল ৯টায় রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুল মাঠে নৌকা মঞ্চে বিজয় দিবসের আনুষ্ঠানিক উদ্বোধনকালে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাহিমা আক্তার হাসি, উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস কে আব্দুল্লাহ আল সাইদ উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে পুলিশ, আনসার-ভিডিপি, রোভার স্কাউট, গার্লস গাইডসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কুঁচকাওয়াজ অনুষ্ঠিত হয়। পরে ডিসপ্লের মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট তুলে ধরে বর্ণাঢ্য নানা কসরত প্রদর্শন করে।
