পিরোজপুরে নারী নির্যাতন আইনের মামলার পলাতক তিন আসামী গ্রেফতার ॥ জেল হাজতে প্রেরণ
পিরোজপুরে নারী নির্যাতন আইনের মামলার পলাতক তিন আসামীকে পুলিশ গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।
মঙ্গলবার সকালে জেলার ভান্ডারিয়া উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ধাওয়া গ্রামের লুৎফর রহমানের ছেলে মেরাজুর রহমান মিকো, তার বাবা মো. লুৎফর রহমান এবং মা মোসা: মনিজা বেগম।
পুলিশ তাদের গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করলে আদালতের বিচারক তাদের জেল হাজতে প্রেরণ করেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০১২ সালে ধাওয়া গ্রামের লুৎফর রহমানের ছেলে মেরাজুর রহমান মিকোর সাথে একই উপজেলার মাধবপুরা গ্রামের মো. ফিরোজ আলমের মেয়ে মোসা: হাফিজা আক্তারের বিয়ে হয়। বিয়ের পরে তাদের সংসারে একটি কন্যা সন্তানের জন্ম হয়। কিন্তু বিয়ের পর থেকেই স্বামী মেরাজুর রহমান মিকো যৌতুকের জন্য বিভিন্ন সময়ে স্ত্রী হাফিজার উপর নির্যাতন করতো। চলতি বছরের ৩১ জুলাই দুই লাখ টাকা যৌতুকের দাবীতে হাফিজা বেগমকে তার কন্যা সন্তানসহ মাধবপুরা তার (হাফিজা) বাবার বাড়িতে নিয়ে আসে স্বামী মেরাজুর রহমান। এ সময় যৌতুকের টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে হাফিজা বেগমকে মারধর করে। উক্ত ঘটনার পরে গত ৬ অক্টোবর হাফিজা বেগম বাদী হয়ে স্বামী মেরাজুর রহমান মিকো, শ্বশুর লুৎফর রহমান, শ্বাশুড়ী মনিজা বেগম, ননদ লুৎফুরুন্নাহার মারিয়া, দেবর মুসফিকুল রহমান মিতুলের বিরুদ্ধে পিরোজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন।
