কাউখালীর সন্ধ্যা নদীতে ট্রলার ডুবি ॥ পিএসসি পরীক্ষার্থী’র মৃত্যু
জেলার কাউখালী উপজেলার সন্ধ্যা নদীতে যাত্রী পারাপারের সময় যন্ত্রচালিত খেয়া নৌকা ডুবির ঘটনা ঘটেছে। বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার পূর্ব আমরাজুড়ি ফেরিঘাটের পন্টুনে ঘটনা ঘটে। এতে টুম্পা আক্তার (১০) নামে প্রাথমিক সমাপনী পরিক্ষার (পিএসসি) এক পরীক্ষার্থী’র মৃত্যু হয়েছে। রাত সাড়ে ৭ টার দিকে তার লাশ উদ্ধার করেছে ডুবুরিরা।ট্রলার ডুবিতে আহত হয়েছে ১০জন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পূর্ব আমরাজুড়ি ফেরিঘাট থেকে প্রাথমিক সমাপনী পরিক্ষার্থীসহ ২৫/৩০ জন যাত্রী ও ৬টি মোটর সাইকেল নিয়ে একটি যন্ত্র চালিত খেয়ার নৌকা সন্ধ্যা নদী পাড়ি দেওয়ার আগে যাত্রীরা হুড়োহুড়ি খেয়া ট্রলারে করে উঠতে গেলে সেটি ঘাটে নোঙ্গররত অবস্থায় ডুবে যায়। এতে নারী, শিশু, ছাত্র-ছাত্রীরা সাতরিয়ে তীরে উঠতে পারলেও এখনো টুম্পা নামের এক ছাত্রী নিখোঁজ হয়।পরে পিরোজপুর ও বরিশাল থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরিদল রাত সাড়ে ৭ টার দিকে তার লাশ উদ্ধার করে। টুম্পা আক্তার আশোয়া কাউখালীর আমরাজুড়ি গ্রামের গিয়াস উদ্দিন ফকিরের মেয়ে।
কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. খালেদা খাতুন রেখা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় তিনি আহত অবস্থায় উদ্ধারকৃত স্কুলের ছাত্র ছাত্রী ও পরীক্ষার্থীদের তাদের অভিভাকদের কাছে পৌঁছানোর ব্যবস্থা নেন।
পিএসসি পরীক্ষার্থী মারিয়া আক্তার ও জান্নাতি আক্তার জানায়, কাউখালী উপজেলার আশোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীরা উপজেলার কুমিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। প্রতিদিন তাদের ট্রলারে করে সন্ধ্যা নদী পারাপার হতে হয়। আজও পরীক্ষা শেষ করে ট্রলারে করে নদী পার হয়েব বাড়ি ফিরছিল তারা। এ সময় এই দুর্ঘটনা ঘটে।
