ইন্দুরকানীতে যাত্রীবাহী বাস উল্টে খালে ॥ আহত ৩০
পিরোজপুরের ইন্দুরকানীতে চালকের বদলে বাস চালিয়েছেন হেলপার। তাই ট্রাকের সাথে সংঘর্ষে যাত্রীবাহী বাস উল্টে খালে পরে অন্তত ৩০ জন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে ৫/৬ জনকে গুরুতর আহত অবস্থায় পিরোজপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সোমবার সকালে উপজেলার বালিপাড়ার কলারণ-সন্যাসী ঘাট থেকে পিরোজপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে মির্জাগঞ্জ ট্রাভেলসের যশোর-ব-১০৬৫ নম্বরের যাত্রীবাহী বাসটি। বাসটি চালকের বদলে হেলপার চালাচ্ছিলেন বলে জানা গেছে। সকাল ৯ টার দিকে চরবলেশ্বর গ্রামে বাসটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকা মেট্রো-ট-১৬-২৩১৯ নম্বরের ট্রাকটির পাশে বাসটির ধাক্কা লাগে। ফলে বাসটি কয়েকটি কয়েকটি উল্টি খেয়ে পাশের খালে পড়ে যায় বলে স্থানীয়রা জানান।
স্থানীয় সূত্রে জানা গেছে, পিরোজপুর থেকে আসা ট্রাকটি যাত্রীবাহী বাসটিকে ক্রোসিং করার সময় পাশে ধাক্কা লাগায়। এসময় যাত্রীবাহী বাসটির একপাশের চাকা পাকা রাস্তার পাশে নরম মাটিতে চলে গেলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে পার্শবর্তী খালে পড়ে যায়। বাসটিতে স্কুল কলেজগামী ছাত্র-ছাত্রী ও নারী-শিশুসহ প্রায় ৪০ জন যাত্রী ছিল। এদের মধ্যে প্রায় ৩০ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে ৫/৬ জনেকে গুরুতর অবস্থায় পিরোজপুর সদর হাসপাতালেসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
ইন্দুরকানী থানার ওসি হাবিবুর রহমান জানান, বাসটি চালকের বদলে হেলপার চালাতে গিয়ে এই দূর্ঘটনা ঘটিয়েছে। আমরা ট্রাকটিকেও আটক করেছি। বাসটি উদ্ধার করা হচ্ছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
