বাগেরহাটে ৩৩৩ কল সেন্টার বিষয়ে প্রেস কনফারেন্স
সরকারের ৩৩৩ কল সেন্টার মাঠ পর্যায়ে পৌঁছে দেয়ার প্রচারনার অংশ হিসেবে বাগেরহাট জেলায় কর্মরত সকল সাংবাদিকদের অবহিত করতে জেলা প্রশাসনের উদ্যোগে প্রেস কনফারেন্স করা হয়েছে।
প্রেস কনফারেন্সে বাগেরহাট জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
শনিবার দুপুরে বাগেরহাটের জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ জানান, সাধারণ মানুষ সরকারের সকল মন্ত্রণালয়ের সেবা পেতে ৩৩৩ কল সেন্টারে ফোন করলে দ্রুত সেবা পাবেন। সরকারের এই কল সেন্টার চালুর পর থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত বাগেরহাট জেলার ১৫ হাজার ৪৪২ জন নারী-পুরুষ এই সেবা গ্রহণ করেছে। বাগেরহাটের জেলার সকল মানুষ যাতে দ্রুত এই ৩৩৩ কল সেন্টারে ফোন করে তাদের কাঙ্খিত সেবা পাওয়ার বিষয়টি জানতে পারে সেজন্য এই প্রেস কনফারেন্স বলে জানান জেলা প্রশাসক।
প্রেস কনফারেন্সে ৩৩৩ কল সেন্টার বিষয়ে বাগেরহাট প্রেসক্লাব সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সাধারণ সম্পাদক আব্দুল বাকী তালুকদারসহ উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জেলা প্রশাসক।
