প্রধান সূচি

দুবলার চর থেকে ১০ শিশু শ্রমিক উদ্ধার ॥ অপরহণকারী আটক

বঙ্গোপসাগর পাড়ের সুন্দরবনের দুবলার চর থেকে এক অপহরণকারীকে আটকসহ অপহৃত ১০ শিশু শ্রমিককে উদ্ধার করেছে কোস্ট গার্ড। শুক্রবার রাত ১২ দিকে দুবলার চরের মাঝেরকেল্লা চর থেকে কোস্টগার্ড তাদের উদ্ধার করে।

কোস্টগার্ড পশ্চিম জোন এর (মোংলা সদর দপ্তর) গোয়েন্দা কর্মকর্তা লে. আব্দুল্লাহ আল মাহমুদ জানান, আটক অপহরণকারী হচ্ছেন চট্রগ্রাম জেলার বাঁশখালী উপজেলার মৃত ফরিদ মিয়ার ছেলে মো. নুরুল হক ওরফে লেদু মিয়া। সে শিশুদের দেশের বিভিন্ন স্থান থেকে অপহরণ করে কাজের প্রলোভন দেখিয়ে দুবলার চরে নিয়ে আটকে রেখে শিশু শ্রমে বাধ্য করছে। উদ্ধারকৃত শিশুরা দুবলার মাঝেরকেল্লা চরে শুটকি তৈরির কাজ করছিল। কোস্টগার্ড পশ্চিম জোনের আওতাধীন দুবলা টহল টিম শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে ওই চর থেকে ১০ শিশু শ্রমিককে উদ্ধার করে। এ সময় মো. নুরুল হক ওরফে লেদু মিয়া নামে এক অপহরণকারীকে আটক করে অভিযানকারীরা।

উদ্ধারকৃত অপহৃত শিশুরা হল-  কিশোরগঞ্জ জেলার বায়জিদপুর থানার মৃত নুরউদ্দিন মিয়ার ছেলে রেণু মিয়া, মৃত আক্কাস আলীর ছেলে মো. মানিক হোসেন, হোসেনপুর থানার মো. আব্দুল মোতালেবর ছেলে মো. আক্তার, চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার মৃত আক্কাস আলীর ছেলে মো. হৃদয়, ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার মৃত কিতাব আলীর ছেলে মো. টুটুল মিয়া, তারাকান্দ থানার মো. মোখলেসুর রহমানের ছেলে মো. রিমন, হবিগঞ্জ জেলার মংলাবাজার থানার মো. জসিমের ছেলে মো. মনির হোসেন, নোয়াখালী জেলার সেনবাগ থানার জালু মিয়ার ছেলে মো. আল আমিন, চট্টগ্রাম জেলার কোতোয়ালী থানার মো. আব্দুল খালেকের ছেলে মো. আমির হোসেন, আব্দুল মালেকের ছেলে মো. আরিফ ও কুষ্টিয়া জেলার শেখপাড়া থানার কচির উদ্দিনের ছেলে মো. পারভেজ।

অপহরণকারী মো. নুরুল হক ওরফে লেদু মিয়া এদেরকে বিভিন্ন জায়গা থেকে কাজ দেয়ার কথা বলে ট্রলার যোগে দুবলা চরের শুটকি পল্লীতে নিয়ে যায় বলে কোস্টগার্ডের এ কর্মকর্তা জানান।

আটক অপহরণকারী ও অপহৃতদের বাগেরহাটের শরণখোলা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় কোস্টগার্ড।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial