প্রধান সূচি

ইন্দুরকানীতে মাদরাসা বন্ধ রেখে কর্মশালার নামে জমিয়াতুল মোদার্রেছীনের সভা

পিরোজপুরের ইন্দুরকানীতে মাদরাসার ক্লাশ বন্ধ রেখে প্রশিক্ষণ কর্মশালার নামে শিক্ষক কর্মচারী সমাবেশ করেছে জমিয়াতুল মোদারেসীন। উপজেলার ১৬টি মাদরাসার শিক্ষক কর্মচারীরা এ সমাবেশে অংশ নেয়।

জানা গেছে, জুনিয়র দাখিল পরীক্ষার (জেডিসি) কক্ষ পরিরদর্শকদের প্রশিক্ষণের জন্য কেন্দ্র কমিটি বুধবার উপজেলার টগড়া দারুল ইসলাম কামিল মাদরাসায় এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় কক্ষ পরিদর্শক ছাড়াও ডাকা হয় প্রতিটি মাদরাসার সকল শিক্ষক কর্মচারীকে। আর এই প্রশিক্ষণকে সামনে রেখে আড়ালে চলে জমিয়াতুল মোরারেসীনের শিক্ষক কর্মচারী সমাবেশ। এ জন্য তারা প্রতিষ্ঠান বন্ধ রেখে সকল শিক্ষক কর্মচারীদের সমাবেশে যোগ দেবার আহবান জানায়। আর এতে নেতৃত্ব দেন উপজেলা জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি টগড়া বালিকা দাখিল মাদরাসার সুপার মাওলানা গিয়াস উদ্দিন সেলিম এবং সাধারণ সম্পাদক বালিপাড়া সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম। তাদের আহবানে সাড়া দিয়ে উপজেলার ১৬টি মাদরাসা বন্ধ দিয়ে কর্মশালায় যোগ দেয় শিক্ষক কর্মচারীরা। এজন্য জনপ্রতি ১০০ টাকা চাঁদাও ধার্য ছিল।

সকাল ১১ টায় ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট এম মতিউর রহমান কর্মশালায় অংশ নিয়ে সাড়ে ১১ টার দিকে চলে যান। সাথে সাথে কর্মশালার ব্যানার পরিবর্তন করে জমিয়াতুল মোদার্রেছীনের শিক্ষক কর্মচারী সমাবেশের ব্যানার টানিয়ে সমাবেশ শুরু হয়। সমাবেশে উপজেলা জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন। পিরোজপুর জেলা সভাপতি ড. সাইয়্যেদ শরাফত আলী, বিশেষ অতিথি সহ-সভাপতি মাওলানা আব্দুল মতিন ফারুকী, সেক্রেটারী মাওলানা ফারুক আহম্মেদ হাওলাদারসহ উপজেলা জমিয়াতুল মোদার্রেছীনের নেতৃবৃন্দ।

উপজেলার এফ করিম আলিম মাদরাসার অধ্যক্ষ শাহ আলম বলেন, “আমাকে ক্লাশ বন্ধ দিয়ে সমাবেশে ডেকেছিল। আমরা যাইনি।” নিয়মানুসারে কোন প্রতিষ্ঠান বন্ধ রাখলে বা প্রতিষ্ঠান প্রধানের সংরক্ষিত ছুটি রাখলে কর্তৃপক্ষের অনুমতি নিতে হয়।

মাদরাসার জেডিসি কেন্দ্র সচিব মো. শহিদুল ইসলাম বলেন, “আমি শুধু কক্ষ পরিদর্শকদের ডেকে কর্মশালা করেছি। সমাবেশের ব্যাপারে আমি কিছু জানিনা।”

এ ব্যাপারে ইন্দুরকানী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর একেএম আবুল খায়েরের কাছে জানতে চাইলে তিনি বলেন “মাদরাসা বন্ধ রেখে সমাবেশ করার কোন বিধান নাই। আমার সাথে এ ব্যাপারে কেউ কোন আলাপও করেনি।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ জানান, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে সমাবেশ করার কোন নিয়ম নেই। বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial