নাজিরপুরে মাল্টা চাষী নিখোঁজ
পিরোজপুরের নাজিরপুরে সাখাওয়াত বেপারী (৫৫) নামে এক মাল্টা চাষী গত ২ দিন ধরে নিখোঁজ রয়েছেন। সাখাওয়াত বেপারী উপজেলার সেখমাটিয়া ইউনিয়নের রামনগর গ্রামের ইউসুফ বেপারীর ছেলে।
বুধবার সকাল ৬ টার দিকে তিনি উপজেলার সেখমাটিয়া এলাকায় তার নিজস্ব মাল্টা বাগান দেখাশুনার জন্য বাড়ী থেকে বের হয়ে নিখোঁজ হন বলে তার পরিবার দাবী করেছেন।
নিখোঁজের ঘটনায় বৃহস্পতিবার দুপুরে ওই মাল্টাচাষীর স্ত্রী হাফিজা বেগম নাজিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
মাল্টা চাষীর স্ত্রী হাফিজা বেগম জানান, বুধবার সকালে ফজরের নামাজ আদায় করে তার স্বামী মাল্টা বাগান দেখাশুনার জন্য বাড়ী থেকে নিজের মাল্টা বাগানের উদ্দেশ্যে বের হন। পরে দুপুরেও বাড়ী না ফেরায় তার ব্যবহৃত মোবাইল ফোনে কল করলে সেটি বন্ধ পাওয়া যায়। পরে খোঁজ নিয়ে জানা যায় তিনি বাগানেও যাননি। এরপর থেকেই নিখোঁজ রয়েছেন তিনি।
তিনি আরো জানান, সাখাওয়াত বেপারীর সাথে তার ছোট ভাই সিরাজ বেপারীর জমি নিয়ে বিরোধ চলে আসছে। ওই জমি আত্মসাত করার জন্য সিরাজ তার লোকজন নিয়ে যে কোন উদ্দেশ্যে সাখাওয়াত বেপারীকে অপহরণ করতে পারে বলে তিনি সন্দেহ করছেন।
নাজিরপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জাকারিয়া বলেন, থানায় এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। আমরা নিখোঁজের বিষয়টি তদন্ত করে দেখছি।
