বাগেরহাটে ইলিশ বোঝাই ট্রলার ডুবি ॥ ১১ জেলে উদ্ধার
বাগেরহাটে দূর্যোগপূর্ণ আবহাওয়ায় উত্তাল সমুদ্রের ঢেউয়ের আঘাতে ১১ জন জেলেসহ এফবি রহমান-২ নামের ইলিশ বোঝাই একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে এ ট্রলার ডুবির ঘটনার সময় ওই ট্রলারে থাকা জেলেদের জীবিত উদ্ধার করা হলে ও ট্রলারটি গভীর সমুদ্রে ডুবে যায়। ডুবে যাওয়া ট্রলারটি বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নের রাজেশ্বর গ্রামের মৎস্য ব্যবসায়ী আফজাল পহলানের বলে জানা গেছে।
বাগেরহাট জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি ও জাতীয় মৎস্য সমিতির শরণখোলা উপজেলা শাখার সভাপতি মো. আবুল হোসেন জানান, আবহাওয়া খারাপ হওয়ায় গত সোমবার থেকেই গভীর সমুদ্রে অবস্থানরত ট্রলারগুলো ফিরতে শুরু করে। প্রবল ঢেউয়ে টিকতে না পেরে উপকূলের কাছাকাছি থাকা কয়েকটি ট্রলার মঙ্গলবার সকাল ১০টার দিকে ফিরে আসার পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা, কচিখালী ও পক্ষিদিয়া চরের মাঝ বরাবর সাগরের আড়–য়াদিয়া এলাকায় পৌঁছলে এর মধ্য থেকে এফবি রহমান-২ ট্রলারটি ডুবে যায়। ট্রলারের ১১জন জেলেকে ভসমান অবস্থায় এফবি জিসান ও এফবি সুমাইয়া নামের দুটি ট্রলারের জেলেরা উদ্ধার করতে সক্ষম হয়।
ক্ষতিগ্রস্ত ট্রলার মালিক আফজাল পহলান জানান, ডুবে যাওয়া ট্রলারের সন্ধানে এফবি রহমান-১ ও এফবি মাহিনুর নামের দুটি ট্রলার মঙ্গলবার বিকেলে ঘটনাস্থলে রওনা হয়েছে। দুই ট্রলারে ৩০ জন লোক ডুবে যাওয়া ট্রলারের সন্ধান করছে।
