প্রধান সূচি

মায়ের বেঁচে দেয়া নবজাতককে ‘ছোটমনি নিবাসে’ পাঠানোর নির্দেশ আদালতের

পিরোজপুর জেলা হাসপাতালে ফেলে যাওয়া নবজাতক কন্যা শিশুটিকে আদালত সমাজকল্যাণ বিভাগের শিশু লালন কেন্দ্র বরিশালের আগৈলঝাড়ার ‘ছোটমনি নিবাসে’ পাঠানোর আদেশ দিয়েছেন। মঙ্গলবার পিরোজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন এ আদেশ দেন।

দারিদ্রের নির্মম কষাঘাতে জর্জরিত এক প্রসুতি তার সদ্যভূমিষ্ঠ কন্যা শিশুকে মাত্র পাঁচ হাজার টাকায় বিক্রি করেছিলেন। এ ঘটনাটি ঘটেছে পিরোজপুর জেলা হাসপাতালে গত সোমবার সকালে। নিজের সদ্যজাত কন্যা শিশু সন্তানকে টাকার বিনিময় অপরের কোলে তুলে দিয়ে চলে যান মা সেলিনা বেগম।

জানা গেছে, পাশর্^বর্তী বাগেরহাট জেলার মোড়েলগঞ্জের স্বামী পরিত্যক্তা ৬ সন্তানের জননী সেলিনা বেগম সন্তান সম্ভবা হয়ে গত রবিবার পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি হন। ঐ দিন রাতেই হাসপাতালে প্রসব করেন একটি কন্যা সন্তান। এ সময় সেলিনা বেগমের সাথে পরিচয় হয় হাসপাতালে তার পাশের বেডে চিকিৎসাধীন এক রোগীর পরিবারের সাথে। চরম দারিদ্রের মাঝে বসবাস করা সেলিনা তার ৬ কন্যা সন্তান নিয়ে অনাহারে অর্ধাহারে জীবন পার করার মধ্যে নতুন সন্তান নিয়ে তার সমস্যার কথা তুলে ধরেন ওই পরিবাবের কাছে। ওই পরিবারের এক মেয়ে নিঃসন্তান থাকায় তারা পাঁচ হাজার টাকা দিয়ে রেখে দেন নবজাতককে। সন্তানকে তাদের কাছে দিয়ে হাসপাতাল থেকে চলে যান সেলিনা বেগম।

নবজাতক কিনে নেয়া পরিবারের নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্যা জানান, সেলিনা বেগমের অসহায় অবস্থার কথা শুনে তার নিঃসন্তান মেয়ের জন্য অর্থের বিনিময় বাচ্চাটি রেখে দিয়েছিলেন। তবে এটা নিয়ে যে পুলিশি ঝামেলা হবে তা বুঝতে পারি নি।

পিরোজপুরের সিভিল সার্জন মো. ফারুক আলম জানান, হাসপাতালে বাচ্চা ফেলে গেছে এক মা, এমন খবর পেয়ে আমি পুলিশ ও সমাজসেবা কর্মকর্তাকে বিষয়টি অবহিত করি। বাচ্চাটিকে তাদের দায়িত্বে চিকিৎসা দেওয়া হচ্ছিল।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, বাচ্চা বিক্রি হবার অভিযোগ শুনে পুলিশ হাসপাতালে গিয়ে বাচ্চাটিকে হেফাজতে নেয়। পরবর্তীতে গতকাল মঙ্গলবার আদালতে বাচ্চাটি পাঠানো হলে বিচারক তার লালন পালনের দায়িত্ব সমাজ সেবা বিভাগের কাছে অর্পন করেন।

এদিকে, যে পরিবারটি পাঁচ হাজার টাকায় নবজাতকটিকে কিনে ছিলেন তাদের আর হদিস পাওয়া যায়নি বলে জেলা সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার জাকির হোসেন জানান। তিনি আরো বলেন, আদালতের নির্দেশে শিশুটি তার তত্তাবধানে রয়েছে। আজ বুধবার সকালে নবজাতককে বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলায় সমাজসেবা অধিদপ্তরের শিশু লালন কেন্দ্র ‘ছোট মনি নিবাসে’ নিয়ে যাওয়া হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial