মঠবাড়িয়ায় নির্বাচনী সংঘর্ষে আহত-৬
মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে শুক্রবার বিকেলে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত নৌকা প্রতীকের সমর্থক উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু শরীফ (৪০) ও যুবলীগ কর্মী বেল্লাল হোসেন (৩৬) কে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের সমর্থক সোহেল (২২), সালাম মোল্লা (৩৬), কবির মেম্বর (৪৫) ও বেল্লাল (২২) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় সূত্রে জানাগেছে, শুক্রবার বিকেলে স্বতন্ত্র প্রার্থী রিয়াজ উদ্দিন আহমেদ উপজেলা সদরে নির্বাচনী সভার আয়োজন করেন। এ সভায় যোগ দিতে আসার পথে উপজেলার দাউদখালী ও মিরুখালী ইউনিয়নের সমর্থকদের সাথে নৌকা প্রার্থীর সমর্থকরা মঠবাড়িয়া-মিরুখালী সড়কের বড়হারজী শরীফ বাড়ির ব্রিজ সংলগ্ন এলাকায় সংঘর্ষে জড়িয়ে পরে। এতে উভয় গ্রুপের ৬ জন নেতা কর্মী আহত হয়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুলাহ সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশি টহল জোরদার করা হয়েছে।
