শারিকতলা-ডুমরিতলা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা
চাই স্বচ্ছ, জবাবদিহিমূলক ও নাগরিক বান্ধব ইউনিয়ন পরিষদ এই শ্লোগানকে সামনে রেখে পিরোজপুর সদর উপজেলার ৬নং শারিকতলা-ডুমরিতলা ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) পিরোজপুর এর সহযোগিতায় বৃহস্পতিবার বিকেলে স্থানীয় ৫৫নং কেশরতা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ইউনিয়ন পরিষদের ২০১৯-২০২০ অর্থ বছরের বাজেট জনসম্মুখে ঘোষণার লক্ষ্যে “উন্মুক্ত বাজেট ঘোষণা” শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সনাক সদস্য এডভোকেট মোহাম্মদ শহীদুল্লাহ খান এর সভাপতিত্বে উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি ও মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শারিকতলা-ডুমরিতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিরাজুর রহমান রাজু।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি এডভোকেট মোহাম্মদ শহীদুল্লাহ খান। উন্মুক্ত বাজেট সভা আয়োজনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন টিআইবি’র এরিয়া ম্যানেজার ধীমান গাইন।
ইউনিয়ন পরিষদের সচিব চঞ্চল কুমার সরকার খাতওয়ারী আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন। ২০১৯-২০২০ অর্থ বছরে পরিষদের পক্ষে সচিব ১ কোটি ৩৪ লক্ষ ৮১ হাজার ১৪৮ টাকার বাজেট ঘোষণা করেন।
প্রধান অথিতির বক্তব্যে চেয়ারম্যান বলেন, সকলের সহযোগিতায় শারিকতলা-ডুমরিতলা ইউনিয়ন পরিষদকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক ডিজিটাল পরিষদে পরিণত করা হবে এবং ঘোষিত বাজেট সফলভাবে বাস্তবায়ন করা হবে।
অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করেন, ৬নং ওয়ার্ডের সদস্য মো. জহুরুল ইসলাম (রানা), স্বজন সহ-সমন্বয়ক খালেদা আক্তার হেনা, স্বজন সহ-সমন্বয়ক মোল্লা লিয়াকত আলী, ইউনিয়ন পরিষদ সচিব চঞ্চল কুমার সরকার প্রমূখ।
সভা সঞ্চালনায় ছিলেন টিআইবি’র টিআইবি’র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জি. এম. মাজহারুল আলম।
