সুন্দরবনে র্যাবের সাথে বন্দুক যুদ্ধেবনদস্যু রানা বাহিনীর প্রধানসহ নিহত ৩
বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের চড়াপুটিয়া এলাকায় পশুর নদীর খন্তা-কদাউল্লা খালে র্যাব-৬ ও বনদস্যু রানা বাহিনীর মধ্যে বন্দুক যুদ্ধে তিন দস্যু নিহত হয়েছে। সোমবার সকাল ৭ টার দিকে এ ঘটনা ঘটে। এসময় দুই র্যাব সদস্য আহত হয়েছেন। বন্দুর যুদ্ধের পর ঘটনাস্থল থেকে ৪টি আগ্নেয়াস্ত্র, কয়েক রাউন্ড তাজা গুলি ও একটি ইঞ্জিন চালিত নৌকা উদ্ধার করেছে র্যাব।
নিহত তিন দস্যুদের মধ্যে রয়েছেন, বনদস্যু রানা বাহিনী প্রধান পান্না ওরফে রানা (২৮), বাহিনীর সদস্য কামরুজ্জামান (৩৯) ও জুলহাস (৩২)। নিহত দস্যুদের বাড়ী বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে বলে জানায় র্যাব। আহত দুই র্যাব সদস্য হচ্ছেন আসিফ ইকবাল (৩০) ও আব্রাহাম লিংকন (৩২)।
র্যাব-৬ এর স্পেশাল কোম্পানী কমান্ডার মেজর শামীম সরকার জানান, পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের খন্তা-কদাইল্লা খালে সোমবার সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত থেমে থেমে কয়েক দফা বন্দুক যুদ্ধ হয় বনদস্যু রানা বাহিনীর সাথে। এ সময় বাহিনী প্রধান পান্না ওরফে রানা, কামরুজ্জামান, ও জুলহাস গুলিবিদ্ধ হয়। এছাড়া আহত হয় র্যাব সদস্য আসিফ ইকবাল ও আব্রাহাম লিংকন। পরে সকাল পৌনে ১১টায় গুলিবিদ্ধ দস্যুদের মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. রাফিউল হাসান তাদেরকে মৃত বলে ঘোষণা করেন। নিহত দস্যুদের লাশ ও উদ্ধার হওয়া অস্ত্র-গুলি মোংলা থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মোংলা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তুহিন মন্ডল।
