চাকরি স্থায়ীকরণের দাবীতে ন্যাশনাল সার্ভিস কর্মীদের মানববন্ধন
ইন্দুরকানীতে চাকরি স্থায়ীকরণের দাবীতে ন্যাশনাল সার্ভিস কর্মীদের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে ন্যাশনাল সার্ভিস একতা পরিষদ ইন্দুরকানী উপজেলা শাখার আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচিতে এ উপজেলায় ন্যাশনাল সার্ভিসে কর্মরত যুবক ও যুব নারীরা অংশগ্রহন করেন।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, ন্যাশনাল সার্ভিস একতা পরিষদ ইন্দুরকানী উপজেলা শাখার সভাপতি এস. এম মনিরুজ্জমান সিকদার, সাধারণ সম্পাদক মো. অলিউর রহমান (শামীম), সাংগঠনিক সম্পাদক মো. জসীম মীর প্রমুখ।
এ সময় বক্তারা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে ন্যাশনাল সার্ভিস জাতীয় করণের দাবি করেন। তারা আরও বলেন, আমরা ২ বছর পর আবার বেকার হয়ে যাব। তাই তারা এর স্থায়ী সমাধান (জাতীয় করণ) চান। ন্যাশনাল সার্ভিস ৫ম পর্যায় ৩ মাস প্রশিক্ষণ শেষে ২ বছর মেয়াদে এ উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠানে ৫ শতাধিক কর্মী কাজ করে যাচ্ছেন। প্রত্যেককে দৈনিক ২০০ টাকা হারে ভাতা প্রদান করা হয়ে থাকে। এর মধ্যে প্রতি মাসে ৪ হাজার টাকা নগদ ও ২ হাজার টাকা জমা রাখা হয় যাহা মেয়াদ শেষে এককালীন দেয়া হবে। চলতি বছরের নভেম্বর মাসে এ উপজেলার ৫ শতাধিক ন্যাশনাল সার্ভিস কর্মীদের চাকুরির মেয়াদ শেষ হবে।
