প্রধান সূচি

চিতলমারীতে স্কুল ভবন রক্ষার দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন

বাগেরহাটের চিতলমারী উপজেলার সদর ইউনিয়নের খড়িয়া-আড়–লিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পাশ দিয়ে খাল খনন করায় স্কুল ভবন কাম সাইক্লোন শেল্টার চরম ঝুঁকিতে রয়েছে। অব্যাহত ভাঙ্গনের কবল থেকে স্কুল ভবনটি রক্ষার দাবীতে বুধবার দুপুরে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। খবর পেয়ে বৃহস্পতিবার দুপুর  ১ টার দিকে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান অশোক কুমার বড়াল, সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ নিজাম উদ্দিনসহ স্থানীয় নের্তৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করে স্কুল ভবন রক্ষার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেব প্রসাদ দাস জানান, সম্প্রতি স্কেভটর মেশিন দ্বারা স্কুলের পাশ দিয়ে বয়ে যাওয়া হরিখালী খাল খনন করায় ভবনটি ভাঙ্গনের মুখে পড়েছে। এমতাবস্থায় খাল খনন অব্যাহত রাখলে ভবনটি যে কোন সময়ে ধ্বসে পড়তে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে। অবিলম্বে ভাঙন কবলিত স্থান মেরামতসহ স্কুল ভবন রক্ষার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানান।

চিতলমারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সোহাগ ঘোষ জানান, ম্যানুয়ালী শ্রমিক দিয়ে খাল খনন করালে এধরণের ঝুঁকির সৃষ্টির হতো না। স্কেভটর মেশিন দিয়ে খাল খনন করায় প্রায় দুই কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ভবনটি মারাত্মক ঝুঁকিতে রয়েছে। অবিলম্বে ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণ করা উচিত।

বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদুজ্জামান খান জানান, তিন কিলোমিটার দৈর্ঘ্য খাল খনন হচ্ছে। আগামী জুন মাসের মধ্যে কাজটি শেষ হওয়ার কথা রয়েছে। বিদ্যালয়ের পাশের খালপাড়ে যাতায়াতের রাস্তার অংশে ধ্বস নেমেছে। ওই স্থানে পাইলিং করে দেয়ার জন্য ঠিকাদারকে বলা হয়েছে।

খাল খননকারী ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স আমিন এন্ড কোম্পানীর ঠিকাদার মো. বেলাল হোসেন জানান, পানি উন্নয়ন বোর্ডের সার্ভেয়ার ও প্রকৌশলীর নির্ধারিত সীমানায় খাল কাটা হচ্ছে। তবে মেশিনে খাল কাটতে গিয়ে দুই-চার ফুট বাড়তে কমতে পারে। তবে ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নব নির্বাচিত চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল জানান, ভাঙ্গনের খবর পেয়েই তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তিনি সংশ্লিষ্ট ঠিকাদার ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদেরকে ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial