দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে … শ ম রেজাউল করিম
দায়িত্ব নিয়ে কর্ম দিবসের প্রথম দিনই দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থার কথা জানালেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম। গতকাল মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
পিরোজপুর প্রেসক্লাবের আজীবন সদস্য, আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক শ. ম. রেজাউল করিম সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, দুর্নীতি ও অনিয়মের জায়গার বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নিবো। মন্ত্রী পরিষদের সদস্য হিসেবে দুর্নীতিতে জিরো টলারেন্স থাকবে আমার। তবে গৎবাঁধা অনেক অভিযোগ কিন্তু শেষ পর্যন্ত প্রমাণ হয় না। সুনির্দিষ্টভাবে অভিযোগ উত্থাপিত হলে শুধু সমাধান নয়, যারা সম্পৃক্ত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব এবং সেটা অবশ্যই আইনানুগ প্রক্রিয়ার মধ্যে দিয়ে।
পূর্তমন্ত্রী বলেন, যে মন্ত্রণালয়ের দায়িত্ব আমাকে দেয়া হয়েছে সেটা বড় মন্ত্রণালয়। এর ১২টি দপ্তর-অধিদপ্তর রয়েছে। এখানে কাজের পরিসর অনেক বড়। আমার বিশ্বাস মন্ত্রণালয়ের সকলকে নিয়ে আগের চেয়ে গতি আরও বৃদ্ধি করতে পারব।
তিনি বলেন, আমি আইন পেশায় আসার আগে সাংবাদিক পেশায় ছিলাম। সংবাদ মাধ্যমের জন্য আমার প্রচন্ড ভালোবাসা রয়েছে। আমাদের কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে ধরিয়ে দেবেন, আমরা সংশোধন করার চেষ্টা করবো।
