প্রধান সূচি

পিরোজপুর-৩ মঠবাড়িয়ায় লাঙ্গল ও ধানের শীষের দ্বিমুখী লড়াই

পিরোজপুর-৩ মঠবাড়িয়া একক আসনে নির্বাচনী লড়াই জমে উঠেছে। এ আসনে মহাজোটের লাঙ্গল, বিএনপির ধানের শীষ প্রতীকের কর্মী সমর্থকদের প্রচারণায় নির্বাচনী মাঠ এখন সরগরম। তবে এ আসনে মহাজোটে জাতীয় পার্টির (এরশাদ) ডা. রুস্তম আলী ফরাজীকে জোট প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়ায় স্থানীয় আওয়ামী লীগের একাংশের গুরুত্বপূর্ণ নেতারাসহ তৃণমূলের একটি অংশ বিক্ষুব্দ হয়ে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছিল।

দলের একটি অংশ দলীয় প্রার্থী হিসেবে উপজেলা চেয়ারম্যান ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফুর রহমানকে নিয়ে স্বতন্ত্র প্রার্থী আপেল প্রতীক নিয়ে মাঠে নেমেছিল। এতে মহাজোট ও স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মীদের মাঝে বিভাজন তৈরী হওয়ায় নানা সংকট দেখা দেয়। অবশেষে কেন্দ্রীয় আওয়ামী লীগের আহ্বানে সাড়া দিয়ে বৃহস্পতিবার রাতে পিরোজপুর জেলা আওয়ামী লীগের এক সভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাসিমের মধ্যস্থতায় লিখিত ভাবে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীতা থেকে সরে দাঁড়ান। ফলে জোটের মধ্যে আওয়ামী লীগের দুই গ্রুপ এক হয়ে নির্বাচনী মাঠ সরব করেছে।

অপরদিকে দীর্ঘদিন বিরোধি দলে থাকা নতুন মুখ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন দুলাল নির্বাচনী মাঠে এখন শক্ত প্রার্থী হিসেবে কৌশলে লড়াইয়ে অবতীর্ণ হচ্ছেন। তিনি স্থানীয় বিএনপিতে একজন ত্যাগী নেতা। তবে দীর্ঘদিন ধরে দলীয় কোন্দলে দুই ধারায় বিভক্তি ছিল। এবার তারা দলের হাই কমা-ের নির্দেশে নেতাকর্মীরা বিভেদ ভুলে একাট্টা হয়েছেন। ফলে স্থানীয় বিএনপি এখন আগের চেয়ে চাঙা হয়ে উঠেছেন। ভোটাররা মনে করেন বিএনপির নতুন প্রার্থী রুহুল আমীন দুলালের সাথে লড়াইটাও বেশ চ্যালেঞ্জের।

মহাজোট প্রার্থী বর্তমান সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী এ আসনে প্রথম ১৯৯৬ সালে জাতীয় পাটির, ২০০১ সালে বিএনপি ও ২০১৪ সালে স্বতন্ত্র প্রার্থী হয়ে টানা তিন বার সংসদ সদস্য নির্বাচিত হন। ডা. ফরাজির নিজস্ব ভোট ব্যাংক রয়েছে বলে তার দলের নেতা ও কর্মী সমর্থকরা দাবি করছেন।

এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) এ্যাড. রফিকুল ইসলাম বাবুল বলেন, নির্বাচন সুষ্ঠু হলে ধানের শীষ প্রতীকেরই জয় হবে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস বলেন, শেখ হাসিনা দেশের উন্নয়নের কান্ডারী। দেশে মানুষের জীবনমান উন্নয়ন একমাত্র শেখ হাসিনার পক্ষেই সম্ভব। নির্বাচনে জয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী।

একক এ আসনে মহাজোটের লাঙ্গল ও বিএনপির ধানের শীষ প্রতীকের প্রচার প্রচারণায় হাট জনপদ মুখরিত হয়ে উঠেছে। এ আসনে লাঙ্গল ও ধানের শীষে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে সবাই ধারণা করছেন।

উল্লেখ্য, পিরোজপু-৩ একক আসনে এবার ভোটার সংখ্যা ১ লাখ ৮৯ হাজার ৫৮৬ জন। এর মধ্যে নারী ভোটার ৯৫ হাজার ২৮৮ জন ও পুরুষ ভোটার ৯৪ হাজার ২৯৮ জন। এ আসনের ৮১টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial