মঠবাড়িয়ায় জেলের ঝুলন্ত লাশ উদ্ধার
পিরোজপুরের মঠবাড়িয়ায় তাইজুল ইসলাম হাওলাদার (১৯) নামে এক জেলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার সাপলেজা ইউনিয়নের দক্ষিণ খেতাছিড়া বলেশ^র নদ তীরের একটি ছৈলা গাছ থেকে ওই জেলের লাশ উদ্ধার করা হয়। নিহত জেলে তাইজুল উপজেলার দক্ষিণ খেতাছিড়া জেলে পল্লীর জাহাঙ্গীর হাওলাদারের ছেলে।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে জেলে তাইজুল বিয়ের জন্য পরিবারকে চাপ দিয়ে আসছিল। পরিবারের লোকজন তা না মানায় সে ক্ষুব্ধ হয়। শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর সে ফেরেনি। পরে শনিবার ভোরে বলেশ^র নদের জেলেরা ছৈলা গাছে তাইজুলের গলায় ফাঁস লাগানো লাশ ঝুলতে দেখে স্থানীয় ইউপি সদস্য ও থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ওই জেলের ঝুলন্ত লাশ উদ্ধার করে।
সাপলেজা ইউনিয়ন পরিষদের সদস্য আফজাল হোসেন হাওলাদার বিষয়টি নিশ্চিত করে জানান, তাইজুল পরিবারের সাথে বিবাহ সংক্রান্ত ব্যাপারে অভিমানে আত্মহত্যা করেছে। তিনি আরও জানান, এর আগে ২০১৬ সালে নিহত তাইজুলের বড়বোন হাফিজা (২২) গলায় ফাঁস ও চলতি বছর অক্টোবর মাসে তার বড় ভাই হাফিজুল ইসলাম (২৫) বিষপানে আত্মহত্যা করে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ শওকত আনোয়ার জানান, নিহত জেলে পারিবারিক অশান্তিতে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
