কাউখালীতে ইরানের কুশপুত্তলিকা দাহ
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় ঐক্য জোটের প্রার্থী লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান এর কুশপুত্তলিকা দাহ করেছেন কাউখালী উপজেলা বিএনপির বিক্ষুদ্ধ নেতাকর্মীরা। পিরোজপুর-২ (কাউখালী-ভান্ডারিয়া-ইন্দুকারকানী) আসনে ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি সুমন মঞ্জুরকে প্রার্থী না করায় এ কর্মসূচি পালন করে উপজেলা বিএনপি।
রবিবার সকালে উত্তর বাজার দলীয় কার্যালয়ে বিএনপি ও তার সহযোগী সংগঠনের বিক্ষুদ্ধ নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে একত্রিত হয়ে লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের কুশপুত্তলিকায় আগুন ধরিয়ে দাহ করে।
উল্লেখ্য, পিরোজপুর-২ (কাউখালী-ভান্ডারিয়া-ইন্দুরকানী) আসনে ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মন্ত্রী নুরুল ইসলাম মঞ্জুর ছেলে আহম্মেদ সুমন মঞ্জুরকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছিলেন বিএনপি থেকে। পরবর্তীতে লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানকে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়।
শুক্রবার সন্ধ্যায় পিরোজপুর-২ আসনে ২০ দলীয় ঐক্য জোটের প্রার্থী হিসেবে ধানের শীষের প্রতিকে নির্বাচন করার জন্য ডা. মোস্তাফিজুর রহমান ইরানের নাম ঘোষণা পর থেকে ফুঁসে উঠেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। তাৎক্ষনিকভাবে বর্ধিত সভা ডেকে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা করে এবং মোস্তাফিজুর রহমান ইরানকে সরিয়ে আহম্মেদ সুমন মঞ্জুরকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবী জানান।
