ইন্দুরকানীতে ধান কাটলেন কৃষি সচিব
ইন্দুরকানীতে ধান কাটলেন কৃষি সচিব মো. নাসিরুজ্জামান। শুক্রবার বিকেলে উপজেলার বালিপাড়ার মৃধা বাড়ি এলাকায় উচ্চ ফলনশীল ব্রি-ধান-৭৬ ও ৭৭ কাটা হয়। এ এলাকায় ৬ জন কৃষক ৪ হেক্টর জমিতে এ ধান চাষ করে ব্যাপক সফলতা অর্জন করেছেন। তাই এই ধান চাষে সকলকে উদ্বুদ্ধ করার জন্য কৃষি সচিব নিজেই মাঠে নেমে আসেন।
ধান কাটার পর মাড়াই শেষে ব্রি-ধান-৭৬ হেক্টর প্রতি ৫ মেট্রিক টন এবং ব্রি-ধান-৭৭ হেক্টর প্রতি ৪.৫ মেট্রিক টন ফলন হয়। পরে কৃষকদের সাথে মতবিনিময় সভায় উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌহিদীন ভূইযার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. নাসিরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন বরিশাল কৃষি অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. আরশেদ আলী, পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পিরোজপুর কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক আবু হেনা মো. জাফর, এআইএস মো. শাহাদাত হোসেন, ইউপি সদস্য মো. ইয়াকুব আলী প্রমুখ।
কৃষি সচিব খাদ্য ঘাটতি নিরসনে সকল কৃষককে উচ্চ ফলনশীল ব্রি-ধান-৭৬ ও ৭৭ ধান চাষের পরামর্শ দেন।
