মঠবাড়িয়ায় সমবায় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান অধ্যক্ষ আজীম-উল-হক
পিরোজপুরের মঠবাড়িয়া মহিউদ্দিন আহম্মেদ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও পিরোজপুর জেলা পরিষদের সদস্য আজীম-উল-হককে মঠবাড়িয়া কেন্দ্রীয় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে।
গত ১২ নভেম্বর বরিশাল বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ন-নিবন্ধক মো. নুরুজ্জামান এর স্বাক্ষরিত এক আদেশে তিন সদস্য বিশিষ্ট সমবায়ী ও সরকারী কর্মকর্তার সমন্বয়ে অন্তবর্তী ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়। এতে অধ্যক্ষ আজীম উল-হককে সভাপতি ও সমবায়ী মুক্তিযোদ্ধা মো. আলমগীর শরীফ ও উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক মো. মজিবর রহমানকে সদস্য হিসেবে নিযুক্ত করা হয়।
অধ্যক্ষ আজীম-উল-হক মঠবাড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংকের প্রতিষ্ঠাতা মরহুম হাতেম আলী খান সাহেবের দৌহিত্র। বর্তমানে তিনি মঠবাড়িয়া মহিউদ্দিন আহম্মেদ মহিলা কলেজে অধ্যাক্ষ হিসেবে কর্মরত আছেন। গতবছর তিনি পিরোজপুর জেলা পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হন। এর আগে তিনি পিরোজপুর জেলা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি স্থানীয় বিভিন্ন সামাজিক কর্মকান্ডে নিয়োজিত আছেন।
