ইন্দুরকানীতে বালিপাড়া বাজারে খালের ঘাট দখল
ইন্দুরকানীতে বালিপাড়া বাজারের তিন যুগ ধরে জনসাধারণের ব্যবহৃত খালের ঘাট দখল করে আটকে দিয়েছে এক প্রভাবশালী। ফলে বাজারে বসবাসকারী ব্যবসায়ী ও বাসিন্দারা খালের পানি ব্যবহার করতে না পেরে চরম দুর্ভোগে রয়েছেন। এ বিষয়ে ভুক্তভোগী বালিপাড়া বাজারের বাসিন্দা হোসেন আলী মৃধা ও জাহাঙ্গীর মীর রবিবার ঘাট বন্ধ করে দেয়া আ. রহিম খানের বিরুদ্ধে ইন্দুরকানী প্রেসক্লাবে অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বালিপাড়া বাজারের খালের পার্শে^র মাহবুবুর হকের ডিসিয়ারভুক্ত জমি। তিনি আ. রহিম খানের কাছে মোটা অংকের টাকায় সরকারী সে জমি বিক্রি করে দিলে তিনি জমি দখলে নিয়ে পাশর্^বর্তী খালের ঘাটটিও আটকে দেয়। গত এক সপ্তাহ ধরে টিনের বেড়া দিয়ে ঘাটটি আটকে দিলে ওই বাজারের বাসিন্দাসহ সাধারণ মানুষ চরম বেকায়দায় পড়ে। ওই ঘাট দিয়ে বাজারে বসবাসরত বাসিন্দারা যুগ যুগ ধরে বালিপাড়া খালের পানি ব্যবহার করে আসছে। কিন্তু আ. রহিম সাধারণ বাসিন্দাদের কথা না ভেবে সম্প্রতি খালের ঘাটটি আটকে দেয়ায় ক্ষুব্দ হয়েছে এলাকার মানুষ।
জমির মালিক আ. রহিম খান জানান, ওই জমিতে যারা ভাড়া ছিল তারাই ঘাট দিয়ে খালের পানি ব্যবহার করতো। যে জমি আমরা কিনেছি ততটুকু জমি সরেজমিনে নেই।
বালিপাড়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা এমিলি খানম জানান, জমির মালিককে ঘাটের জন্য জায়গা দিতে বললে তার জমিতে কম আছে বলে অন্যের জন্য বাসার পিছন থেকে ঘাট দিতে চায় না।
