বাগেরহাটে শেখ উদ্দিন এমপি
আগামী নির্বাচনে আবারও বাগেরহাটের ৪টি আসন আওয়ামী লীগকে উপহার দেব
বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা শেখ হেলাল উদ্দিন বলেছেন, শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য বাগেরহাটবাসীর কাছে আমার একটাই আবেদন তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এখানে যাকেই নৌকা প্রতীক দেবেন আমরা তার পক্ষে কাজ করবা। নৌকাই আমাদের প্রতীক, নৌকাই আমাদের প্রার্থী। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছি এখানে সবাই নৌকার পক্ষে ঐক্যবদ্ধ আছে। আসন্ন নির্বাচনে আমরা আবারও বাগেরহাটের ৪টি আসন তাকে উপহার দেব।
বুধবার বিকেলে বাগেরহাট শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য (ম্যুরাল) নির্মানের ভিত্তি প্রস্তর উদ্বোধনকালে তিনি একথা বলেন।
এসময় তিনি আরো বলেন, বাংলাদেশের যত উন্নয়ন হয়েছে তা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলেই হয়েছে। আর এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নৌকায় ভোট দিতে হবে।
বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপি, সহ-সভাপতি এডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম কামাল, বাগেরহাট পৌর মেয়র ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খান হাবিবুর রহমান, আওয়ামী লীগ নেত্রী ফরিদা আক্তার বানু লুচি, বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ হায়দার, সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি, জেলা যুবলীগের আহ্বায়ক সরদার নাসির উদ্দিনসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
এর আগে বাগেরহাট কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ম্যুরাল নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বঙ্গবন্ধুর ভ্রাতুস্পুত্র বাগেরহাট-১ আসনের এমপি শেখ হেলাল উদ্দিন। পরে তিনি বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামের সামনের আউটার স্টেডিয়ামে নবনির্মিত কাবাডির ইনডোর উদ্বোধন করেন।
