কাউখালীতে আ’লীগ নেতাদের পূজা মন্ডপ পরিদর্শন ও অনুদান বিতরণ
পিরোজপুরের কাউখালীতে বুধবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমরাজুড়ি ইউনিয়নের পূজা মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে অনুদান বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করেছেন।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পল্টন এবং সাংগঠনিক সম্পাদক সুনীল কুন্ডু বিভিন্ন মন্দিরে অনুদানের টাকা বিতরণ করেন। এসময় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌকির আহম্মেদ সীমান্তসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ এবং কৃষকলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
পূজা মন্ডপ পরিদর্শনকালে উপজেলা আওয়ামী লীগের নেতারা বলেন, অসাম্প্রদায়িক রাজনীতিতে নৌকার কোন বিকল্প নেই। একমাত্র আওয়ামী লীগের আমলেই এ দেশের হিন্দুরা মহা আনন্দে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারেন। তারা আরো বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলে আজ দারিদ্রতা দূর হয়েছে। মানুষ শান্তিতে ঘুমাতে পারছে। দেশে বিত্তশালী লোকের সংখ্যা বেড়েছে। শেখ হাসিনা আজ দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছেন। উন্নয়নের যে কর্মযজ্ঞ চলমান তা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।
