মঠবাড়িয়ায় নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার
পিরোজপুরের মঠবাড়িয়ায় বেলায়েত হোসেন হাওলাদার (৪৫) নামে এক পোশাক ব্যবসায়ীর লাশ খাল থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। গত গত দুই দিন ধরে নিখোঁজ থাকার পর শনিবার বিকেল ৫ টার দিকে উপজেলার বকশীর ঘটিচোরা গ্রামের সেকান্দার আলীর বাড়ির সম্মূখের কুমিরমারা খালের ঘাট থেকে ওই ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ।
চার সন্তানের জনক নিহত ব্যবসায়ি বেলায়েত হোসেন মঠবাড়িয়া পৌর শহরের মুক্তিযোদ্ধা সুপার মার্কেটের গার্মেন্টস ব্যবসায়ী ও পৌর শহরের সবুজ নগর ৯নং ওয়ার্ডের মৃত আমজাদ হোসেন হাওলাদারের (আমজাদ মুন্সি) ছেলে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ার জানান, তার মৃত্যু রহস্য এখনও উদঘাটন করা যায়নি। ময়না তদন্ত সম্পন্ন হলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
থানা ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে শহরের পাথরঘাটা বাসষ্ট্যান্ডে প্রতিবেশীর সাথে বেলায়েতের জমি-জমা নিয়ে বিরোধের সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই সালিশে জমির কাগজপত্র দেখিয়ে নিজের পক্ষে রায় পান ওই ব্যবসায়ী। সালিশ শেষে বাসায় ফিরে বাজারের উদ্যেশ্যে বের হয়ে আর বাসায় ফেরেননি। এ ঘটনায় শুক্রবার রাতে স্বামী নিখোঁজ দাবি করে তার স্ত্রী থানায় একটি সাধারণ করেন।
