ইন্দুরকানীতে যুবলীগ নেতাকে পিটিয়ে আহত
ইন্দুরকানীতে সুপারী চুরির অভিযোগে এক যুবলীগ নেতাকে প্রতিপক্ষ অপর যুবলীগ নেতার গ্রুপ পিটিয়ে গুরুতর আহত করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার উপজেলার চন্ডিপুর এলাকায় বালিপাড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক আহবায়ক জিয়াউল হক রনির চাচার বাগান থেকে সুপারী চোরে গেলে একই গ্রামের ওয়ার্ড যুবলীগের সভাপতি আসাদুলকে তারা অভিযুক্ত করেন। এ ঘটনা শুনে যুবলীগ নেতা আসাদুল অপর যুবলীগ নেতা জিয়াউল হক রনিকে মারধর করে। এ ঘটনার জের ধরে শুক্রবার দুপুরে চন্ডিপুর শিশু ভিলার সামনে যুবলীগ নেতা রনি ও তার পিতা এবং দুই চাচা মিলে যুবলীগের ওয়ার্ড সভাপতি আসাদুলকে রড ও লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে গুরুতর আহত করে। পরে আহত যুবলীগ নেতাকে স্বজনরা উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করে। উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকরামুল শিকদার জানান, পরিকল্পিতভাবে রনি, তার পিতা, চাচা ও অন্যান্য লোকজন নিয়ে যুবলীগ নেতা আসাদুলকে পিটিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।
রনির চাচা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মতিউর রহমান জানান, আসাদুলকে চুরির অভিযোগে এলাকাবাসী পিটিয়ে আহত করেছে। ইন্দুরকানী থানার এস আই মো. জাকির হোসেন জানান, আওয়ামী লীগের দুই সমর্থকদের মধ্যে সুপারী চুরির ঘটনা নিয়ে হামলার ঘটনা ঘটেছে। এখনও কোন মামলা হয়নি।
