পিরোজপুর ও নাজিরপুরে সততা স্টোরের উদ্বোধন
দুর্নীতি দমন কমিশন-দুদকের অর্থায়নে আজ মঙ্গলবার পিরোজপুর জেলায় নতুন করে দু’টি সততা স্টোর চালু হয়েছে। পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নের পুখুরিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠি ইউজেকে মাধ্যমিক বিদ্যালয়ে এ সততা স্টোর দু’টি উদ্বোধন করা হয়। দুদকের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আবু সাঈদ এ সততা স্টোর দু’টির উদ্বোধন করেন।
সকালে পুখুরিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি পিরোজপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও সরকারের উপ-সচিব মো. মোস্তাফিজুর রহমান, প্রধান আলোচক দুদকের পরিচালক মো. আবু সাঈদ, বিশেষ অতিথি পিরোজপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর শেখ সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান নাসিম, সদস্য খালেদা আক্তার হেনা, সদস্য সিকদার চাঁন, ছাত্রী ও সততা সংঘের সদস্য রাখি বেগম ও রাশিদা বেগম।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রীদের দুর্নীতি বিরোধ শপথ বাক্য পাঠ করানো হয়।
দুর্নীতি প্রতিরোধ, সততা স্টোর উদ্বোধন ও পরিচালনা সংক্রান্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনায়েত কবির খান।
দুপুরে নাজিরপুরের শ্রীরামকাঠি ইউজেকে মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দুদকের পরিচালক মো. আবু সাঈদ, নাজিরপুরের ইউএনও ঝুমুর বালা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুলতান মাহমুদ, বিদ্যালয়ের ব্যবস্থপনা কমিটির সভাপতি শ্রী কুমার আচার্য্য, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উত্তম কুমার মৈত্র, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সিদ্দিকুর রহমান তুহিন ও সদস্য এম রোকনুজ্জামান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাজিরপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেন্দ্রনাথ মন্ডল। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
উল্লেখ্য, শিশু-কিশোরদের মধ্যে দুর্নীতি বিরোধী মনোভাব, সততা, দায়িত্ববোধ ও স্বচ্ছতা সৃষ্টির জন্য দুদক সারাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর চালু করছে। তারই অংশ হিসাবে পিরোজপুর জেলায় ইতিমধ্যে পরিচালিত ২১টি সততা স্টোরের সাথে আরও দু’টি সততা স্টোর সংযোজিত হলো।
