কাউখালীতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত
পিরোজপুরের কাউখালীতে পালিত হয়েছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। এ উপলক্ষে সকাল ১১টার দিকে শহরের কাউখালী শ্রী শ্রী মদন মোহন জিউর আখরা বাড়ি চত্বর থেকে একটি মঙ্গল শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সেখানে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উপাধ্যক্ষ সনজিত কুমার সাহার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, কাউখালীতে শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের সভাপতি স্বামী জগন্নাথানন্দ সরস্বতী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন, আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক সুনীল কুন্ডু, অধ্যক্ষ অলোক কর্মকার, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট শেখর চন্দ্র দে প্রমুখ।
কর্মসূচিতে হিন্দু ধর্মের অনুসারী বিভিন্ন বয়সের নারী-পুরুষ ও শিশুদের অংশগ্রহণে অনুষ্ঠানের শেষের দিকে বিশ্ব শান্তি কামনায় প্রার্থনা ও ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
