বঙ্গবন্ধুর বায়োপিক নির্মাতা চূড়ান্ত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নির্ভর চলচ্চিত্র নির্মাণ হচ্ছে। বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় এটি নির্মিত হবে। বাংলাদেশ ও ভারতের দু’জন পরিচালক যৌথভাবে নির্মাণ করবেন চলচ্চিত্রটি। চলচ্চিত্রটি নির্মাণের ভারত সে দেশের বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগাল, গৌতম ঘোষ ও কৌশিক গাংগুলীর নাম প্রস্তাব করলে বাংলাদেশ শ্যাম বেনেগালকে চূড়ান্ত করে।
সোমবার সচিবালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ভিক্তিক ছবি নির্মাণ নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় একথা জানান তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি বলেন, এই চলচ্চিত্র নির্মাণে বাংলাদেশে পক্ষ থেকে তিন সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি থাকবে।
দু’বছর আগে বাংলাদেশ ও ভারতের মধ্যে এই চলচ্চিত্র নির্মাণে একটি সমঝোতা স্মারক সই হয়। সেখানে বঙ্গবন্ধুর ওপর যৌথভাবে চলচ্চিত্র এবং তথ্যচিত্র তৈরির কথা বলা হয়। চলচ্চিত্রটি নির্মাণে বাংলাদেশের প্রতিনিধি দল গত জুলাই মাসে ভারত সফর করে। ভারত চলচ্চিত্রটি নির্মাণে তিন পরিচালকের নাম প্রস্তাব করে। এরা হলেন, শ্যাম বেনেগাল, গৌতম ঘোষ এবং কৌশিক গাংগুলী। পরে বাংলাদেশের পক্ষ থেকে শ্যাম বেনেগালকে চূড়ান্ত করা হয়।
শ্যাম বেনেগাল এর আগে নেতাজি সুভাষ চন্দ্র বসুকে নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণ করেন। প্রখ্যাত এ চলচ্চিত্রকার পদ্মশ্রী, পদ্ম ভূষণ, দাদা সাহেব ফালকে, এ এন আর ন্যাশনাল অ্যাওয়ার্ডসহ অনেক পুরস্কার পেয়েছেন।
তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, এখন স্ক্রিপ্ট হবে, গবেষণা হবে। চলচ্চিত্রের নাম, চিত্র নাট্য অবশ্যই বঙ্গবন্ধুর পরিবারের সদস্যরা দেখবেন। তার আগে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট থেকে অনুমতি নিতে হবে। একজন পিতা, রাজনীতিবিদ, স্বাধীনতার ঘোষক এবং রাষ্ট্রনায়ক হিসেবে বর্ণনা ফুটে উঠবে চলচ্চিত্রে।
বাংলাদেশ ও ভারতের দুই পরিচালক ঠিক করবেন এতে কে বা কারা অভিনয় করবেন। চলচ্চিত্রটি নির্মাণে তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব রকম সহযোগিতা দেয়া হবে বলে জানান তারানা হালিম।
