প্রধান সূচি

ইন্দুরকানীতে পশুর হাটে খাজনা না থাকলেও অতিরিক্ত টাকা আদায়

পিরোজপুরের ইন্দুরকানীতে পশুর হাটে খাজনা না থাকলেও অতিরিক্ত টাকা আদায় করছে জেপির নেতা-কর্মীরা। পবিত্র ঈদুল আযহাকে সামনের রেখে ইন্দুরকানী সদরের পশুর হাটে খাজনা না থাকলেও উপজেলা জেপির কতিপয় নেতা-কর্মীরা একটি রশিদ ধরিয়ে দিয়ে ছোট গরু প্রতি ২শ’ টাকা এবং মাঝারি ও বড় গরু প্রতি ৪শ’ থেকে ৫শ’ টাকা আদায় করছে। বাজার উন্নয়নের জন্য গরু প্রতি ৫০ টাকা করে নেয়ার কথা থাকলেও তারা কোরবানীর হাটে অতিরিক্ত টাকা আদায় করছে। এ উপজেলার ১৩টি হাট-বাজারের ইজারা কিনে পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান ও পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু পরিশোধ করে দেয়ায় কোন হাট-বাজারে খাজনা নেয়া হয় না। কিন্তু  জেপি ও এর অংগ সংগঠনের কতিপয় ব্যক্তি সুবিধা নেয়ার জন্য এভাবে পশুর হাট থেকে অতিরিক্ত টাকা আদায় করছে। রশিদে বাজার উন্নয়নের সাহায্যার্থের কথা লেখা থাকলেও আদায়কৃত টাকা নেতাকর্মীরা ভাগ-বাটোয়ারা করে নিচ্ছেন।

সোমবার ইন্দুরকানী পশুরহাটে গিয়ে দেখা যায়, চন্ডিপুর গ্রামের মো. বেলায়েত হোসেনের কেনা ৬৫ হাজার টাকার গরু থেকে ৩শ’ টাকা, শংকরপাশা গ্রামের আদম মুন্সির ৬৪ হাজার টাকায় ক্রয়কৃত গরুর কাছ থেকে ৩শ’ টাকা, পাড়েরহাট গ্রামের ডালিম খানের ৭০ হাজার টাকায় ক্রয়কৃত গরুর কাছ থেকে ৫শ’ টাকা এবং মো. মামুনের ৯৭ হাজার টাকায় ক্রয়কৃত গরুর কাছ থেকে ৪শ’ টাকা আদায় করে। তবে রশিদে গরু ক্রয়ের টাকা লেখা থাকলেও চাঁদার টাকার পরিমান না লিখে রশিদ ধরিয়ে দিচ্ছে।

ইন্দুরকানী বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. হারুন-অর-রশিদ জানান, বাজার উন্নয়নের জন্য গরু প্রতি পঞ্চাশ টাকা নেয়ার কথা। এখন কোরবানীর পশুরহাটে আমাদেরকে না জানিয়ে জেপি ও এর অংগ সংগঠনের নেতাকর্মীরা অতিরিক্ত টাকা আদায় করছে।

এ বিষয়ে উপজেলা জেপির সভাপতি আসাদুল কবির তালুকদার জানান, অবৈধ গরু বেচাকেনা রোধ করতে একটি রশিদের ব্যবস্থা করা হয়েছে। রশিদে গরু প্রতি ২শ’ টাকা ধার্য করা হয়েছে। তবে তিনি বলেন, বেশি টাকা আদায় করার নিয়ম নেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ জানান, এ উপজেলার সকল হাট-বাজারের ইজারা মূল্য পরিশোধ করায় কোন বাজারেই খাজনা আদায় করা হয় না। তবে ইন্দুরকানী বাজারে অতিরক্তি টাকা কে বা কারা আদায় করছে বিষয়টি জেপির নেতৃবৃন্দের সাথে আলোচনা করে দেখছি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial