দিলওয়ার মুন্সী সভাপতি ॥ দুলাল সম্পাদক
মঠবাড়িয়ায় বিএনপির নতুন কমিটি ঘোষনা
দীর্ঘ নয় বছর পর পিরোজপুর জেলা বিএনপি কাউন্সিল ছাড়াই মঠবাড়িয়া উপজেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটি ঘোষণার ৩৭ দিনের মাথায় নব-ঘোষিত কমিটি বাতিল করে পূণরায় মঠবাড়িয়া উপজেলা বিএনপির’ সাবেক সভাপতি দিলওয়ার হোসেন মুন্সিকে সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন দুলালকে সাধারণ সম্পাদক করে দুই সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
পিরোজপুর জেলা বিএনপির সভাপতি গাজী নুরুজ্জামাল বাবুল ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন শুক্রবার স্বাক্ষরিত এ কমিটি ঘোষণা করেন। স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয় বিএনপি কেন্দ্র কর্তৃক আদিষ্ট হয়ে বিগত ১১-০৭-১৮ইং তারিখ স্বাক্ষরিত মঠবাড়িয়া উপজেলা বিএনপি কমিটি বাতিল পূর্বক মঠবাড়িয়া উপজেলা বিএনপির প্রবীন নেতা দিলওয়ার হোসেন মুন্সীকে সভাপতি ও রুহুল আমিন দুলালকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হল।
পিরোজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন জানান, কেন্দ্রীয় কমিটির নির্দেশে ১১ জুলাই ঘোষণাকৃত কমিটি বাতিল পূর্বক দুই সদস্য কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটি ভেঙ্গে দেয়া প্রসঙ্গে পৌর বিএনপির সাবেক সভাপতি কেএম হুমায়ুন কবির জানান, বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন দুলালের পছন্দমত কমিটি হলে তৃণমূলের মতামতের ও কাউন্সিলের কোন প্রয়োজন হয়না।
উল্লেখ্য, গত ১১ জুলাই পিরোজপুর জেলা বিএনপি কাউন্সিল ছাড়াই মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন দুলালকে সভাপতি ও সাবেক পৌর বিএনপির সভাপতি কেএম হুমায়ুনকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করেন। ওই কমিটি ঘোষণার পর বিএনপির মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
