প্রধান সূচি

সুন্দরবন উপকূলে মুক্তিপণের দাবিতে ২১ জেলে অপহৃত

জলদস্যুরা সুন্দরবন উপকূলের বঙ্গোপসাগর থেকে শনিবার রাতে ২১ জন জেলেকে অপহরণের পর জিম্মি করে মুক্তিপণ দাবী করেছে। অপহৃত জেলেদের অধিকাংশের বাড়ী পিরোজপুর। এছাড়া বাগেরহাট জেলারও বাসিন্দা রয়েছেন কয়েকজন। বঙ্গোপসাগরের ১নং বয়া ও সুন্দরবনের দুবলা টহল ফাঁড়ির সামনে মরা পশুর নদীর মোহনা থেকে এ জেলেদের অপহরণ করা হয়। এ অপহরণের খবর বন বিভাগ ও দুবলা ফিশার মেন গ্রুপ স্বীকার করেছে। পিরোজপুর জেলার পাড়েরহাট মৎস্য বন্দর কেন্দ্রিক নয়টি ট্রলার থেকে একজন করে জেলে অপহরণ করার পর ‘গরীবের বন্ধু ছত্তার’ নামের জলদস্যু বাহিনী একটি ট্রলারে করে এদের নিয়ে যায়।

গভীর বঙ্গোপসাগরে ১নং বয়া এলাকায় এ ডাকাতির সময় এসব ট্রলারে থাকা জ্বালানী তেল, সকল মোবাইল ফোন, রসদপত্র ও খাবারও জলদস্যুরা লুট করে। পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার বালিপাড়া ইউনিয়নের ঢেপশাবুনিয়া, চর সাউথখালী, উত্তর বালিপাড়া গ্রামের বাসিন্দা যে নয়জন অপহৃত জেলের নাম জানা গেছে তারা হলো- মিরাজ, মিজান ফকির, দেলোয়ার, বাদশা মাঝি, জাহাঙ্গীর হাওলাদার, আব্দুল হক, আবুবকর, জাকির ও আনোয়ার। ঢেপশাবুনিয়ার এফবি হাবিবা নামের ট্রলারের মালিক আব্দুল বারেক ডাক্তার জানান, তার ছেলেসহ অপহৃতরা কেউ ট্রলার মালিক, স্বজন বা মাঝি।

অপহরণ কালে জলদস্যুরা বলেছে, মোটা অংকের মুক্তিপণের বিনিময় এদের ছাড়া হবে। দুবলা চরের কাছে অপহৃত হয়েছে পিরোজপুরের জুজখোলা ও বাগেরহাটের বগা এলাকার ১৩ জন জেলে। বগার জালাল বাওয়ালী, ছত্তার মল্লিকের নাম জানিয়েছেন বাগেরহাটের কেবি মাছ বাজারের প্রবীণ মৎস্য ব্যবসায়ী আব্দুর রহমান। সুন্দরবনের দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদেক মাহমুদ ইত্তেফাককে জানান, দুবলার চর এলাকায় শনিবার সন্ধ্যার ট্রলার বহরে হামলা খবর তিনি শুনেছেন। কতজন জেলে অপহৃত হয়েছে তার সংখ্যা জানা নাই। বঙ্গোপসাগরের জেলে অপহরণের কথা তার জানা নেই।

এ দিকে দুবলা ফিশার মেন গ্রুপের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন আহমেদ জানান, গতকাল শনিবারসহ গত ১৫ দিনে বঙ্গোপসাগর থেকে গরীবের বন্ধু ছত্তার বাহিনী নামে জলদস্যুরা শতাধিক জেলেকে অপহরণ করেছে। যার মধ্যে কয়েকজনকে মুক্তিপণের বিনিময় ছেড়ে দেয়া হয়েছে। ছত্তার বাহিনীর প্রধান ছত্তার রামপাল উপজেলার বাসিন্দা এবং মংলা উপজেলার চিলা গ্রামের মালেক ডাকাতের ছেলে বেলায়েত এই বাহিনীর সমন্বয়কারী বলে অভিযোগ রয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial