পিরোজপুরে এক মাদক ব্যবসায়ীকে সাত বছরের কারাদন্ড দিয়েছে আদালত
পিরোজপুরে আব্দুল হালিম (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে সাত বছরের কারাদন্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ড দেয়া হয়। রবিবার দুপুরে জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম এ সাজা দেন। আব্দুল হালিম পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার চরখালি গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১০ অক্টোবর সকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৮ এর একটি দল চরখালি এলাকায় ভিযান চালিয়ে আব্দুল হালিমকে গ্রেফতার করে। এরপর তার দেহ তল্লাশি চালিয়ে ৩১৯ পিস ইয়াবাবড়ি উদ্ধার করে। এ ঘটনায় র্যাব ৮ এর ডিএডি আমজাদ হোসেন বাদী হয়ে ভান্ডারিয়া থানায় মামলা করেন। পরে মামলার তদন্ত কর্মকর্তা ভান্ডারিয়া থানার উপ পরিদর্শক সুজন চক্রবর্তী আদালতে অভিযোগ দাখিল করেন।
১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক আসামীর উপস্থিতিতে এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি খাঁন মো.আলাউদ্দিন। আসামী পক্ষের ছিলেন শাহ আলম।
