প্রধান সূচি

বাগেরহাটে ৩ কিলোমিটার রাস্তা সংস্কারের অভাবে ৬ গ্রামের মানুষের ভোগান্তি

বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের সুলতানপুর সরকারী প্রাইমারি স্কুল থেকে মুনিগঞ্জ খেয়া ঘাট পর্যন্ত মাত্র ৩ কিলোমিটার রাস্তা সংস্কারের অভাবে চরম ভোগান্তিতে নদী পাড়ের হাজার হাজার মানুষ। যানবাহন চলাচলে অনুপোযোগী হয়ে পড়েছে এই রাস্তাটি। ঝুকিপূর্ন এই ৩ কিলোমিটার রাস্তায় প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসি।

স্থানীয়রা জানান, সুলতানপুর, ভাটসালা, বানিয়াগাতি, তালেশ^র, রথখোলা, কোন্ডলাসহ প্রায় ৮/১০টি গ্রামের ২০ থেকে ২৫ হাজার লোকের যাতায়াতের একমাত্র রাস্তা এটি। ভ্যান, ইজিবাইক, নছিমুন, করিমন যোগে এই রাস্তা দিয়ে প্রতিদিন দুই থেকে আড়াই হাজার চাকুরিজীবি, ব্যবসায়ী, স্কুল কলেজের কোমলমতি ছেলে মেয়েরা যাতায়াত করে। বর্তমানে রাস্তার করুণ দূরবস্থার কারণে কোন যানবাহন চলতে পারে না।

বর্ষা মৌসুমে একটু বৃষ্টি হলেই এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং নদীতে জোয়ার এলে রাস্তাটি পানির নিচে তলিয়ে যায়। আশ পাশের ঘর বাড়িতে পানি ওঠে। রাস্তাটি বেশি ঝুঁকিপূর্ন ও জলাবদ্ধতা সৃষ্টি হবার কারণে অনেক পরিবার তাদের ছেলেমেয়েদের স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছেন। স্থানীয় জনগনের দাবি রাস্তাটির দ্রুত একটি স্থায়ী সমাধান করা।

সুলতানপুর ইজি বাইক ও অটোভ্যান সমবায় সমিতির সভাপতি মো. ওবায়দুল শেখ বলেন, একাধিক জনপ্রতিনিধি কয়েক বছর ধরে রাস্তাটি সংস্কার করার জন্য আমাদের আশ^াস দিলেও কোন কাজে আসছে না। আমরা দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি জানাই।

ভ্যান চালক সোহেল শেখ জানান, গত বুধবার জরুরী কাজে ভ্যান নিয়ে খেয়াঘাট যাচ্ছিলাম, পথিমধ্যে রাস্তার খাদে পড়ে ভ্যানটির ভেঙ্গে যায়। এখন বেকার হয়ে বসে আছি।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, রাস্তাটি ঝুঁকিপূর্ন হওয়ায় সাধারণ মানুষ চরম ভোগান্তির মধ্যে পড়ে। ফলে নিজ উদ্যোগে বাগেরহাট জেলা পরিষদ সদস্য ইব্রাহীম হোসেন মোল্লা স্থানীয় কিছু খেটে খাওয়া মানুষকে সংঘবদ্ধ করে রাস্তাটি ইট, বালি দিয়ে সংস্কারের চেষ্টা করছে। বিগত বছরেও তিনি একই ভাবে রাস্তাটি সংস্কারের কাজটি করেছেন।

এ বিষয়ে ইব্রাহীম হোসেন মোল্লা বলেন, রাস্তা দিয়ে চলাচলের কোন পরিবেশ নেই। পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সমন্বয়ে রাস্তার কাজ সংস্কার করা সম্ভব। উভয় জায়গায় একাধিক অভিযোগ দেয়া সত্ত্বেও কোন সুফল পাইনি। রাস্তাটি যদি দ্রুত সংস্কার করা না হয় তবে অচিরেই নদী গর্ভে বিলিন হয়ে যাবে।

বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন টগর বলেন, রাস্তাটি সংস্কারের অভাবে এলাকার লোকজন চরম ভোগান্তির মধ্যে রয়েছে। অতি দ্রুত রাস্তাটি সংস্কার করা প্রয়োজন। আশা করছি আগামী শুকনা মৌসুমে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের মাধ্যমে সংস্কারের কাজ শুরু হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial