সময়মত নির্বাচন না হলে পৃথিবীর কাছে আমরা হাস্যকর জাতি হিসাবে গণ্য হবো …. আনোয়ার হোসেন মঞ্জু
জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান ও পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে বাংলাদেশের নির্বাচনের বিরুদ্ধে কোন শক্তি ষড়যন্ত্র করে সফল হবে না। আগামী নির্বাচন হবে আওয়ামী লীগ, জাতীয় পার্টি-জেপি ও অন্যান্য দলসহ ১৪দলের সম্মিলিত অংশগ্রহণের মধ্যদিয়ে। যারা নির্বাচনে আসতে চান না তারা আত্মঘাতি কাজ করবেন। আমরা নির্বাচন বর্জনে বিশ^াস করি না। আমরা চাই দেশে সময়মত নির্বাচন অনুষ্ঠিত হোক। তা নাহলে পৃথিবীর কাছে আমরা হাস্যকর জাতি হিসাবে পরিগণিত হবো।
তিনি আজ বৃহস্পতিবার রাতে পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়ন শাখা জাতীয় পার্টি-জেপি এবং যুব সংহতি ও ছাত্র সমাজের পৃথক পৃথক কার্যালয় উদ্বোধন শেষে একাধিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় আনোয়ার হোসেন বলেন, আমরা যদি ১৪দল এক থাকি তাহলে নির্বাচনে বিজয়ী হবই। যখন কেউ কেউ নির্বাচনে অংশ নেননি, আবার সকলে যখন অংশ নিয়েছেন সব সময়ই আমরা নির্বাচনের মাঠে ছিলাম। নির্বাচন বর্জনের মত আত্মঘাতি কাজ জ্ঞানী লোক-বুদ্ধিমান লোক করেন না। আমরা বিপ্লবী না, আমরা উৎখাত বা মূলোৎপাটন করতে আসেনি। আমাদের ঈমান-আমান মজবুত, দিল পরিস্কার। এখন আমাদের আমলনামা দেখে মানুষ আমাদের ভোট দেবে। অন্যদিকে যারা আবারও নির্বাচন বর্জনের মত আত্মহত্যার পথ বেছে নেবেন তারা রাজনীতি থেকে বিছিন্ন হয়ে যাবেন। খেলায় যেমন মাঠে না থাকলে গোল করা যায় না। তেমনি নির্বাচনে অংশ না নিয়ে বা সংসদের বাইরে থেকে রাজনৈতিক শক্তি বা সংগঠন বাঁচিয়ে রাখা যায় না। তাই যারা নির্বাচনে আসতে চান না তাদের প্রতি আহ্বান মাঠে আসুন, নির্বাচনী খেলায় সবাই অংশ নিন। মাঠে না নেমে যারা বলেন খেলার মাঠ ঠিক নাই তাদের নির্বাচনের মাঠে নামতে হবে এবং মাঠ ঠিক আছে কি নাই তা দেখে মন্তব্য করতে হবে। কারণ এই মাঠেই ৭০’র সাল, ৭৩’র সাল, ৭৯’র, ৮৬’র, ৯১’র, ৯৬ থেকে সকল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমাদের আশা করতে হবে সময়মত দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। আল্লাহর কাছে দোয়া করা উচিত দেশে যাতে নিশ্চিতভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। দেশের মঙ্গলের জন্য, মানুষের উন্নয়নের জন্য নির্বাচন ছাড়া কোন বিকল্প নেই।
আনোয়ার হোসেন বলেন, আমাদের রাজনীতি এক থাকার জন্য এবং এলাকার মানুষের কল্যাণের জন্য যা দরকার তা একসাথেই করতে হয়। এক থাকলে অসম্ভবকে সম্ভব করা যায়। ৩৪ বছরে আমি এলাকায় রাজনীতির কথা বলি নাই। কারণ এই অঞ্চল অবহেলিত বলে বিভেদ-দ্বন্দ্ব পরিহার করে আমাদের চলতে হয়। তবেই অসম্পূর্ণ কাজ সবাই মিলে সম্পন্ন করা সম্ভব হবে। এছাড়া রাতে তেলিখালী ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে মন্ত্রী এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু গতকাল বৃহস্পতিবার বিকালে ভান্ডারিয়া উপজেলা চত্বরে কৃষি উন্নয়ন সম্প্রসারণ বিভাগের উদ্যোগে ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এরপর খাদ্য অধিদপ্তরের আওতায় আধুনিক খাদ্য সংরক্ষণাগার প্রকল্পের পারিবারিক সাইলো বিতরণ করেন। খাদ্য সামগ্রী ও বীজ সংরক্ষণের জন্য ফুড গ্রেড প্লাষ্টিকের তৈরী পারিবারিক সাইলো দুর্যোগকালে ব্যবহারের জন্য এ প্রকল্প খাদ্য বিভাগ গ্রহণ করেছে। মন্ত্রী এখানে জাতীয় মৎস্য সপ্তাহের কর্মসূচির উদ্বোধন করেন। এর আগে ভান্ডারিয়ার বিহারী মাধ্যমিক বিদ্যালয়ে দু’টি শিক্ষা প্রতিষ্ঠানের ১২৩জন ছাত্র-ছাত্রীর মাঝে শিক্ষা বন্ধু বাতি বিতরণ করেন।
এ সব কর্মসূচিতে ভান্ডারিয়ার উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, ইউএনও শাহীন আক্তার সুমী, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, জলবায়ু ট্রাস্ট ফান্ডের উপপরিচালক আক্তার মাহমুদ, আধুনিক খাদ্য সংরক্ষণ প্রকল্পের আঞ্চলিক সমন্বয়কারী আবুল কালাম প্রমুখ উপস্থিত ছিলেন।
গতকাল বৃহস্পতিবার বিকাল থেকে রাত পর্যন্ত মন্ত্রী পর্যায়ক্রমে পৌরসভায় শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের ব্যবস্থাপনায় ভান্ডারিয়ার বিহারীলাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত করেন।
এরপর শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের ব্যবস্থাপনায় শাহবুদ্দিন ফাজিল মাদ্রাসার চারতলা একাডেমিক ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন। এরপর ভান্ডারিয়া থানা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং নদমূলা ইউনিয়নে দক্ষিণ শিয়ালকাঠি আলিম মাদ্রাসার চারতলা একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং হেতালিয়া নেছারউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের বিদ্যমান একাডেমিক ভবনের ঊর্ধ্বমূখী সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন। এই ইউনিয়নে এলজিইডি’র উদ্যোগে দারুল হুদা লঞ্চ ঘাট হতে কলোনী বাজার পর্যন্ত সড়ক নির্মাণ এবং ত্রাণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় ৭নং ওয়ার্ডে আব্দুল হক জোমাদ্দারের বাড়ীর সামনে খালের উপর সেতু নির্মাণ কাজের উদ্বোধন করেন। সন্ধ্যায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ব্যবস্থাপনায় তেলিখালী ইউনিয়নের তেলিখালী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার চারতলা একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ত্রাণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় গোলবুনিয়া আব্দুল হক বিএসসি মাষ্টারের বাড়ীর সামনে খালের উপর সেতু নির্মাণ কাজের উদ্বোধন করেন। রাতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ব্যবস্থাপনায় নদমূলা ইউনিয়নের চিংগুরিয়া এনআইএইচ মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেন এবং চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। মন্ত্রী এসব কর্মসূচিতে পৃথক ভাবে দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এসব কর্মসূচিতে তাঁর সাথে ছিলেন জাতীয় পার্টি-জেপি’র ভান্ডারিয়া উপজেলা আহ্বায়ক ও ভান্ডারিয়া উপজেলা সাবেক চেয়ারম্যান মনিরুল হক মনি জোমাদ্দার, পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, ভান্ডারিয়া উপজেলা জেপি’র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা জেপি’র সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, জেপি নেতা ইউসুফ আলী আকন, টুঙ্গীপাড়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাফিজুর রশীদ তারেক প্রমুখ।
