মঠবাড়িয়ায় মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
মঠবাড়িয়া থানা পুলিশ সুমাইয়া আক্তার রিপা(১৪) নামের এক মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত লাশ সোমবার রাতে উদ্ধার করেছে। তার মৃত্যু রহস্যজনক সন্দেহে পুলিশ তদন্ত করছে। নিহত মাদ্রাসা ছাত্রী সুমাইয়া উপজেলার বকসির ঘটিচোরা গ্রামের সৌদি প্রবাসি মো. রিপন পেয়াদার মেয়ে। সে স্থানীয় নলী জয়নগর কাদেরিয়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী।
থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বকসির ঘটিচোরা গ্রামের সৌদি প্রবাসি রিপন পেয়াদার সাথে গত ১২ বছর আগে তার স্ত্রীর বিয়ে বিচ্ছেদ ঘটে। এসময় শিশু সুমাইয়াকে তার বাবার কাছে রেখে মা অন্যত্র ঘর সংসার শুরু করে। সুমাইয়া নলী তুলাতলা গ্রামের নানা মৃত ইউসুফ হাওলাদারের বাড়িতে থেকে স্থানীয় একটি মাদ্রাসায় নবম শ্রেণীতে লেখাপড়া করে আসছিল। সোমবার ওই মাদ্রাসা ছাত্রীর নানী এক অসুস্থ আত্মীয়কে দেখতে গেলে সুমাইয়া বাড়িতে একা থাকে। রাত ৯ টার দিকে প্রতিবেশীরা সুমাইয়ার কোন সাড়া শব্দ না পেয়ে ডাকাডাকি করে দরজা না খোলায় প্রতিবেশীরা থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশ রাতে বসতঘর থেকে ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ার জানান, লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যু রহস্য উদঘাটিত হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
