প্রধান সূচি

পল্লী বিদ্যুতের সংযোগের নামে টাকা আদায়ে বাঁধা দেয়ায়

নাজিরপুরে ইউপি সদস্যের হাত ভেঙ্গে দেয়ার অভিযোগ

জেলার নাজিরপুরে পল্লী বিদ্যুতের সংযোগের নামে টাকা আদায়ে বাঁধা দেয়ায় সাইফুল ইসলাম (৪৬) নামে এক ইউপি সদস্যকে পিটিয়ে হাত ভেঙ্গে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে সোমবার সকালে উপজেলার দীর্ঘা ইউনিয়নের দক্ষিণ লেবুজিলবুনিয়া গ্রামে। আহত ওই ইউপি সদস্যকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সাইফুল ইসলাম উপজেলার দীর্ঘা ইউনিয়নের ২নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য।

হাসপাতালে চিকিৎসাধীন ইউপি সদস্য সাইফুল ইসলাম জানান, তার ওয়ার্ডে বিদ্যুৎ সুবিধা বঞ্চিত ৩৩ পরিবারের জন্য স্থানীয় সংসদস্যের মাধ্যমে সরকারী ভাবে পল্লী বিদ্যুতের লাইন বরাদ্দ দেয়া হয়েছে। সম্প্রতি ওই এলাকায় বিদ্যুতের খুটিও এসেছে। এ সুযোগকে কাজে লাগিয়ে স্থানীয় সন্ত্রাসী ডাকাতি ও ধর্ষণ মামলার আসামী বাবুল হাওলাদার ওই সব পরিবারের কাছ থেকে বিদ্যুত সুবিধা দেয়ার নামে ৫ হাজার টাকা করে প্রায় দেড় লাখ টাকা আদায় করেন। বিষয়টি জানতে পেরে ইউপি সদস্য সাইফুল ইসলাম এ টাকা আদায়ে বাঁধাসহ গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ পেতে কোন টাকা দিতে হবে বলে জানান এবং বাবুল হাওলাদারকে দেয়া টাকা ফেরত চাওয়ার জন্য বলেন। এ ঘটনার জের ধরে গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণ লেবুজিলবুনিয়া গ্রামের আফজাল হোসেনের চায়ের দোকানে বসে কথা কাটা-কাটির একপর্যায়ে বাবুল হাওলাদার হাতুড়ি ও কাঠের চেয়ার দিয়ে এলোপাথারী ভাবে পিটিয়ে জখম করে। এ সময় ইউপি সদস্য হাত দিয়ে ঠেকালে তার বাম হাত ভেঙ্গে যায়।

ঘটনার পর থেকে অভিযুক্ত বাবুল হাওলাদার পলাতক থাকায় এবং তার ব্যবহৃত মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ ব্যাপারে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান জানান, বিষয়টি শুনেছি। এখনো কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে ব্যাবস্থা নেয়া হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial