নাজিরপুরে গাঁজা ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক
জেলার নাজিরপুরে শাহীন শেখ (৩২) ও সোহান মল্লিক (৩০) নামে ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে সোয়া তিন কেজি গাঁজা ও ৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক শাহীন শেখ উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের উত্তর জয়পুর গ্রামের সাহেদ শেখের ছেলে। সে ওই ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক গোপাল স্বর্ণকার।
আটক সোহান মল্লিক উপজেলার সদর ইউনিয়নের ছোট বুইচাকাঠী গ্রামের আলতাফ মল্লিকের ছেলে।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমানের নেতৃত্বে গত মঙ্গলবার গভীর রাতে পৃথক অভিযানে তাদের আটক করা হয়েছে বলে থানা পুলিশ সূত্রে জানা যায়।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিক্তিতে পৃথক অভিযানে মঙ্গলবার রাতে শাহীন শেখকে তার বাড়ী থেকে আটক করা হয়। এ সময় তার হেফাজতে থেকে ৫৫ পিস ইয়াবা ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া সোহান মল্লিককেও তার বাড়ী থেকে আটক করে তার হেফাজতে থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে।
