ভান্ডারিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ভান্ডারিয়া উপজেলার অন্যতম মাদক ব্যবসায়ী হুমায়ুন কবির চোকদার (২৫)কে পুলিশ ইয়াবাসহ গ্রেফতার করেছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ ভান্ডারিয়ার বাবুল সুবেদারের বাড়ির পিছন থেকে ভান্ডারিয়া থানার এস. আই কাইয়ুম ও তরিকুল ইসলাম এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ১শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। হুমায়ুন কবির উপজেলার পূর্ব ভান্ডারিয়া গ্রামে নুর মোহাম্মদ চোকদারের ছেলে।
ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন জানান, হুমায়ুন কবির তালিকাভুক্ত মাদকদ্রব্য ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবাসহ মাদকদ্রব্যের ব্যবসা করে আসছে। নৌপথে ইয়াবা এনে ভান্ডারিয়াসহ বিভিন্ন উপজেলায় বিক্রয় করে আসছে। গ্রেফতারের আগে হুমায়ুন কয়েক হাজার ইয়াবা উপজেলা শহরে বিক্রয় করে। ইয়াবা বিক্রয় সিন্ডিকেটের সাথে ভান্ডারিয়া উপজেলার বেশ কয়েকজন জড়িত আছে বলে পুলিশ সুত্রে জানা যায়।
উল্লেখ্য, গত ২ মে র্যাব অভিযান চালিয়ে ১৮২ পিস ইয়াবা ও ২৫ গ্রাম গাঁজাসহ মনিরুজ্জামান মনির বেপারীকে গ্রেফতার করে। মনির বেপারী ভান্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ সোহরাব হোসেন বেপারীর বড় ছেলে।
