প্রধান সূচি

জনগণের দেয়া ট্যাক্সের টাকার উন্নয়ন বাস্তবায়নে কোন গাফিলতি কাম্য নয় ….. আনোয়ার হোসেন মঞ্জু

পানি সম্পদ মন্ত্রী ও জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, উন্নয়নের জন্য যে সম্পদ বরাদ্দ দেয়া হয় তার উৎস জনগণের প্রদত্ত ট্যাক্স। করদাতাদের এ সম্পদের সদ্ব্যবহার নিশ্চিত করাসহ তার ন্যায্য হিস্যা আদায়ে জনগণকেই সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে। সকল স্তরের প্রকল্প বাস্তবায়নে কেন্দ্রীয় যে উন্নয়ন বরাদ্দ আসে তার যথাযথ ব্যবহারের ক্ষেত্রে জনগণ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সব সময় সতর্ক নজর রাখা বাঞ্চনীয়। এ ক্ষেত্রে কোন গাফিলতি মেনে নেয়া হবে না।
তিনি বৃৃহস্পতিবার বিকেলে পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার বালিপাড়া ইউনিয়নের চন্ডীপুর হাইস্কুল মাঠে জনাকীর্ন এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আরও বলেন, উন্নয়ন নিয়ে বিভাজনের রাজনীতি করা ঠিক নয়। পুরোনো অভ্যাস পরিবর্তন করতে হবে। সবাইকে এ কথা ভাবতে হবে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার আমলে এ এলাকাসহ সারা দেশে কল্পনাতীত উন্নয়ন চলছে। যেসব এলাকায় ঝগড়া-বিবাদ-কাইজ্যা লেগে থাকে সেখানে সরকার, উন্নয়ন সহযোগী সংগঠন, বিদেশী উন্নয়ন সংস্থা সবার মধ্যে অনীহা দেখা দেয়। স্বাধীনতার পরের রাজনীতি হবে কাজের, ফাঁকাবুলি বা চাপাবাজির রাজনীতি আর নাই। পাশাপাশি উগ্রতা, সন্ত্রাস, অস্থিরতা বর্জন করে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রেখে উন্নয়ন কাজ করা গেলে জনগণ উপকৃত হয়। উন্নয়ন কাজ বাস্তবায়নে নিয়োজিত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যাতে বিরক্ত না হয় তার প্রতি এলাকার জনগণকে সতর্ক থাকতে হবে। এ ক্ষেত্রে দায়িত্বশীল আচরণ করা আবশ্যক। যে সমস্ত সরকারি সংস্থা এলাকার উন্নয়ন কাজ বাস্তবায়ন করেন তাদেরও মনে রাখতে হবে এটি তাদের বিভাগীয় দায়িত্ব এবং তা স্বচ্ছতা, জবাবদিহিতা ও দায়িত্বশীলতার সাথে সম্পন্ন করতে হবে। স্কুল-কলেজ-মাদ্রাসা, রাস্তা-ঘাট, ব্রিজ-কালভাট, সাইক্লোন শেল্টার, বেড়ীবাঁধ এসব না থাকলে জনগণ দুর্ভোগ পোহায়। মন্ত্রী বলেন, ২০০৭ সালে এ এলাকায় সিডরে বহু বেড়ীবাঁধ ক্ষতিগ্রস্থ হয়েছে। আমি পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা কালে ক্ষতিগ্রস্থ বেড়ীবাঁধ দিয়ে যাতে পানি ঢুকতে না পারে তার জন্য এখানকার বাঁধ সমূহ সাময়িকভাবে মেরামত করার ব্যবস্থা করেছি। আল্লাহর ইচ্ছায় পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে উপকূলবর্তী এ এলাকার বেড়ীবাঁধ সমূহ স্থায়ীভাবে নির্মাণ কাজ শুরু করেছি। আমরা ৩২/৩৩ বছর ধরে মানুষের সেবার সুযোগ পেয়েছি। প্রাপ্ত ক্ষমতার সদ্ব্যবহার করেছি এবং আগামীতেও করে যাব। সবাই যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে কাজ করা সহজ হয়। এই সময়কালে যেখানেই গিয়েছি মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে এসেছি। সব সময় বলার চেষ্টা করেছি সম্মিলিত শক্তি দিয়ে জনগণের ন্যায্য অধিকার আদায় করা সম্ভব হয়।
বালিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কবির হোসেন বয়াতীর সভাপতিত্বে সুধী সমবাশে আরও বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ, ইন্দুরকানি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মতিউর রহমান, উপজেলা জেপি’র সভাপতি আসাদুল কবির তালুকদার স্বপন, সাধারণ সম্পাদক মশিউর রহমান মঞ্জু, যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক একরামুল সিকদার, যুব সংহতির সভাপতি রিয়াজ আহমেদ, ছাত্রলীগের সভাপতি এইচ এম শাহীন, ছাত্র সমাজের জিয়াউল আহসান জুয়েল, মীর মোহাম্মদ জসীম, ইউপি সদস্য মিজানুর রহমান হাওলাদার প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা জেপি’র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, ধাওয়া ইউপি চেয়ারম্যান ও ভান্ডারিয়া জেপি’র সদস্য সচিব সিদ্দিকুর রহমান টুলু, পাড়েরহাট ইউপি চেয়ারম্যান ও ইন্দুরকানি জেপি’র সহ সভাপতি গোলাম সরোয়ার বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মৃধা, বেসরকারি উন্নয়ন সংস্থা ডাক দিয়ে যাই’র নির্বাহী পরিচালক মো. শাহজাহান গাজী, উপজেলা মহিলা জাতীয় পার্টি (জেপি)’র সভানেত্রী শারমীন হোসেন, সাধারণ সম্পাদিকা সুলতানা রাজিয়া রানী প্রমুখ।
এর আগে পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এখানে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ব্যবস্থাপনায় ইন্দুরকানি উপজেলার পাড়েরহাট, পত্তাশী ও বালিপাড়া ইউনিয়নে কচা ও বলেশ্বর নদীর তীরবর্তী ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোর্ডের বরিশালের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. রমজান আলী, পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী সাইদ আহম্মেদ, ইন্দুরকানির ইউএনও রাজীব আহমেদ প্রমুখ। উদ্বোধনের পর দোয়া ও মোনাজাত করা হয়।
ভান্ডারিয়া থেকে শংকরজীৎ সমাদ্দার জানান, জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান ও পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি বৃহস্পতিবার দুপুরে ভান্ডারিয়া উপজেলা অডিটরিয়ামে বিভিন্ন প্রতিষ্ঠান ও উপকারভোগীদের মধ্যে অর্থ ও উপকরণ বিতরণ করেন। এ সময় তিনি ধর্ম মন্ত্রণালয় হতে উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নামে বরাদ্দকৃত নগদ অর্থের চেক বিতরণ, মন্ত্রী মহোদয়ের ঐচ্ছিক তহবিল হতে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান এবং সুবিধাবঞ্চিত অসহায় ব্যক্তিদের মাঝে বরাদ্দকৃত অর্থের চেক বিতরণ, ভান্ডারিয়া উপজেলার সুবিধাবঞ্চিত অস্বচ্ছল পরিবারের মাঝে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ এবং মহিলা ও শিশু মন্ত্রণালয় হতে দুঃস্থ ও অসহায় মহিলাদের নামে প্রাপ্ত পাচালিত সেলাই মেশিন বিতরণ করেন। এরপর মন্ত্রী ভান্ডারিয়া উপজেলা পরিষদ ও পৌরসভার উন্নয়ন সমন্বয় কমিটির পৃথক পৃথক সভা করেন। উভয় সভায় সভাপতিত্ব করেন ভান্ডারিয়ার ইউএনও শাহীন আক্তার সুমী।
সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, ভাইস চেয়ারম্যান মো. মিরাজুল ইসলামসহ, উপজেলা বিভাগীয় কর্মকর্তাগণ, ইউপি চেয়ারম্যানবৃন্দ ও পৌর কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial