প্রধান সূচি

বাগেরহাটে ২৭ দস্যুর আত্মসমর্পন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী

এদেশে দস্যু, জঙ্গি ও সন্ত্রাসীদের ঠাই হবে না 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রীর শাসনামলে কোন দস্যু, জঙ্গি ও সন্ত্রাসীদের ঠাই এদেশে হবে না। যারা (যুব সমাজ) দেশের নেতৃত্ব দিবে তাদেরকে ধ্বংস করছে মাদক। আমরা এটা কখনও হতে দেব না। আপনারা যারা দেশে মাদক ব্যবসা করছেন তারা যদি ভাল না হন। খুব শীগ্রই আপনাদের কি পরিনতি হয় তা দেখতে পারবেন।

আজ রবিবার বিকেল ৫টায় শহরের স্বাধীনতা উদ্যানে সুন্দরবনের ৩টি দস্যুবাহিনীর আত্মসমর্পন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দস্যুদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আপনারা যারা আত্মসমর্পন করেছেন তাদেরকে আমরা সব ধরণের সহযোগিতা করব। আপনাদের নামে যেসব মামলা আছে জেলা প্রশাসকগণ সেসব মামলা সহজে মীমাংসার ব্যবস্থা করবেন। তবে হত্যা ও ধর্ষনের মত অপরাধের জন্য আপনাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে।

আত্মসমর্পন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য এডভোকেট মীর শওকাত আলী বাদশা, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হ্যাপি বড়াল, র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান, বিজিবি খুলনা রেঞ্জের প্রধান ব্রিগেডিয়ার খালেক আল মামুন, র‌্যাব-৬ এর সিইও খন্দকার রফিকুল ইসলাম, র‌্যাব-৮ এর সিইও হাসান ইমন আল রাজীব, বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়।

জাহাঙ্গীর ওরফে ছোট জাহাঙ্গীর, ছোট সুমন ও মেহেদী হাসান ওরফে ডন এ তিন বাহিনীর ২৭ জন সদস্য আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন। এসময় বনদস্যুরা স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে তাদের ব্যবহৃত ১৩টি একনলা বন্ধুক, ৩টি বিদেশী দোনলা বন্ধুক, ৪টি ২২ বোর বিদেশী রাইফলে, ৭টি পাইপগান, ১টি বিদেশী ওয়ানশূটারগানসহ ২৮টি আগ্নেয়াস্ত্র এবং ১ হাজার ৮১টি গোলাবারুদ জমা দেয়।

আত্মসমর্পণকারীরা হলেন, জাহাঙ্গীর ওরফে ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধান মো. জাহাঙ্গীর আলম (৩৭), সদস্য মো.কবির সুলতান (৫৫), মো.মনিরুল শেখ (৩৩), মো.শহিদুল শেখ (৩২), মো.আব্দুস সালাম (৪৩), শেখ আল মামুন সোহেল রানা (২৯), মো.সেলিম মোল্লা (২৮), মো.ইদ্রিস ডালি (২৮), মো.মিঠু সরদার (৪০)।

ছোট সুমন বাহিনীর বাহিনী প্রধান মো.সুমন হাওলাদার (২৪), সদস্য মো.লুৎফর শেখ (৪০), মো.ভ’ট্টো বয়াতি (২৮), মো.আঃ সামাদ মোল্লা (২৬), মো.রিয়াজ শেখ (২৮), মো.ইয়াছিন শেখ (২৯), মো.তরিকুল হাওলাদার (২৩), মো.সিদ্দিক হাওলাদার (৩৯)।

মেহেদী হাসান ওরফে ডন বাহিনীর বাহিনী প্রধান মো.মেহেদী হাসান ডন (৩২), সদস্য জয়দেব মন্ডল (৩৫), মো.খলিলুর রহমান (৪৫), মো.সাইফুল্লাহ (২৯), মো.আবুল হোসেন ইসলাম (২৭), মো.আজিজুর ইসলাম (২৭), জয়ন্ত বিশ্বাস (৩০), মো.শাহজাহান (৪২), মো.আব্দুর রহমান শেখ (২৮), মো.মাহমুদুল হাসান (২৬)। এদের সবাইকে ২০ হাজার টাকা এবং ১টি মোবাইল ফোন প্রদান করে র‌্যাব।

এনিয়ে গেল দুই বছরে ১২টি ধাপে ২০টি দস্যু বাহিনীর ২১৭ জন দস্যু সুন্দরবনের দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসল।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial