প্রধান সূচি

নাজিরপুরের একটি পরিবারকে দেশ ছাড়ার হুমকির অভিযোগ

নাজিরপুরের এক হিন্দু পরিবারকে দেশ ছাড়ার হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলার হরিপাগলা গ্রামের মৃত সুরেন্দ্র নাথ মন্ডলের ছেলে সুকুমার মন্ডল বৃহস্পতিবার রাতে নাজিরপুর থানায় অভিযোগ দাখিল করেছেন।

থানার অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার রুহিতলাবুনিয়া গ্রামের আব্দুল মান্নান মৃধার ছেলে বেলায়েত হোসেন মৃধা বিগত কয়েক মাস যাবত সুরেন্দ্র নাথ মন্ডলের ভোগদখলীয় রেকর্ডীয় ২৭ শতক সম্পত্তি অবৈধভাবে দখলের পায়তারা করে। এ ঘটনা ভুক্তভোগী পরিবারটি স্থানীয়দের জানালে পিরোজপুর জেলা পরিষদের সদস্য সুলতান মাহমুদ খান ও উপজেলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন খানের নেতৃত্বে কয়েকদফা শালিস বৈঠক হয়। ওই বৈঠকের সিদ্ধান্ত অমান্য করে বেলায়েত মৃধা তাদের ওই সম্পত্তি দখলের ষড়যন্ত্র অব্যাহত রাখে। গত বুধবার সকালে বেলায়েত মৃধা পরিবারটির বাড়িতে গিয়ে আগামী রবিবারের মধ্যে জমির দখল না ছাড়লে তাদের দেশ ছাড়ার হুমকি দেয়।

এ প্রসঙ্গে সুকুমার মন্ডল বলেন, থানায় জিডি করেও ভরসা পাচ্ছি না। পরিবার নিয়ে আতংকে দিন কাটাচ্ছি। বেলায়েত মৃধার ছেলেরা সন্ত্রাসী প্রকৃতির তারা যে কোন সময় আমাদের ক্ষতি করতে পারে।

পিরোজপুর জেলা পরিষদের সদস্য সুলতান মাহমুদ খান বলেন, অসহায় সংখ্যালঘু পরিবারটির ওপর অবিচার করা হচ্ছে। বেলায়েত মৃধা শালিস-বিচার ও আইন-আদালতের তোয়াক্কা না করে জোর পূর্বক ঐ পরিবারটির সম্পত্তি দখল করতে চায়।

নাজিরপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ জানান, লিখিত অভিযোগ পেয়ে বিষয়টি ডায়েরীভুক্ত করা হয়েছে। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

তবে ঘটনার বিষয়ে জানতে বেলায়েত মৃধার মুঠোফোন ০১৯৮০-৯৯৪৮১৯ ও ০১৭৩৬০৬৭৬০৮ নাম্বারে কল করেও তাকে পাওয়া যায়নি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial