বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় মা-ছেলে নিহত
বাগেরহাটের সাইনবোর্ড-শরণখোলা আঞ্চলিক মহাসড়কে সড়ক দূর্ঘটনায় মা-ছেলে নিহত হয়েছে। আজ রবিবার সকালে মোড়েলগঞ্জ উপজেলার দোনা নামক স্থানে এ সড়ক দূঘটনা ঘটে। এসময় এক ভ্যান চালক আহত হয়েছে।
নিহতরা হলেন, মোড়েলগঞ্জ উপজেলার দোনা গ্রামের মোশারফ হোসেনের স্ত্রী সুরমা আক্তার শিল্পি (৩৫) ও তার ছেলে ওমর হাওলাদার (৭)। ওমর হাওলাদার স্থানীয় দোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্র।
মোড়েলগঞ্জ থানার সহকারী পুলিশ পরিদর্শক (এসআই) ফারুক হোসেন জানান, রবিবার সকালে বাগেরহাট থেকে চীনা নাগরিক বহনকারী একটি পাজেরো গাড়ি দ্রত গতিতে মোড়েলগঞ্জের দিয়ে যাচ্ছিল। এসময় দোনা প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌছালে পার্শ্ব রাস্তা দিয়ে একটি যাত্রী বোঝাই ভ্যান রাস্তার উপর ওঠে। তখন পাজেরো গাড়িটি যাত্রীবোঝাই ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এসময় পাজেরো গাড়িটি মা-ছেলের শরীরের উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
জানা গেছে, মা সুরমা আক্তার শিল্পি ছেলেকে বিদ্যালয়ে পৌছে দেয়ার জন্য রাস্তার পাশে অপেক্ষা করছিল। চীনা নাগরিকরা শরণখোলায় পানি উন্নয়ন বোর্ডের একটি বেড়ীবাঁধ নির্মান প্রকল্পে কাজ করছে।
মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক পাজেরো গাড়িটি আটক করেছে এবং চীনা নাগরিকদের পুলিশি হেফাজতে নেয়া হয়েছে।
