পিরোজপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু
‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ এবং সরকারের রূপকল্প-২০২১’ বাস্তবায়নে জনগনের দোরগোড়ায় সেবা প্রদানের গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরতে পিরোজপুরে আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৮।
শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠে জেলা প্রশাসন আয়োজিত মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আবু আহমদ ছিদ্দীকী।
এ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে সকালে বর্ণাঢ্য র্যালী শহর প্রদক্ষিণ করে টাউন ক্লাব মাঠে এসে শেষ হয়। পরে অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক কাজীতোফায়েল হোসেন, সিভিল সার্জন ডা. মো. ফারুক আলম, সাংবাদিক গৌতম চৌধুরী, জেলা শিল্পকলা একাডেমীর সম্পাদক জিয়াউল আহসান গাজী।
মেলায় বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রযুক্তি সম্বলিত ৫১টি স্টল রয়েছে। এর মধ্যে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের বাইরে ২০টি বইয়ের স্টল রয়েছে।
মেলায় প্রতিদিন সন্ধ্যায় এক নজরে সরকারের আইসিটি বিষয়ক অর্জন উপস্থাপন, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর ওপর কুইজ, ‘আমার চোখে ডিজিটাল বাংলাদেশ’ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।
