পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ ছাত্রীর
পিরোজপুর-বরিশাল আঞ্চলিক মহাসড়কের ডুমুরিতলা নামক স্থানে বাস ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে এক কলেজ ছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মারিয়া আক্তার (১৮) পিরোজপুর সদর উপজেলার বানেশ্বরপুর এলাকার আবুল কালামের মেয়ে এবং পিরোজপুর আফতাব উদ্দিন কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী।
আহত অটোরিক্সা ড্রাইভার রাসেল (৩৫) এবং হাওয়া বেগম (৪৫) বানেশ্বরপুর এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, পিরোজপুর-বরিশাল আঞ্চলিক মহাসড়কে বরিশাল থেকে আসা একটি যাত্রীবাহী বাস ডুমুরিতলা নামক স্থানে আসলে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়। আহত শিক্ষার্থীর মা হাওয়া বেগম ও অটো ড্রাইভার রাসেলকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অতনু হালদার জানান, সড়ক দুর্ঘটনায় তিনজনকে জেলা হাসপাতালে আনা হলে কলেজ শিক্ষার্থী আগেই মৃত্যুবরণ করে। হাওয়া বেগম নামে এক মহিলা রোগীকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শরিফুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে।
